আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার দুর্গাপুর গ্রামের নুনাপাড়া এলাকার হাবিবুর রহমান মিয়ার বাড়িতে ডাকাতির চেষ্টা করলে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বলগাঁও গ্রামের জামাল মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাম চাইল গ্রামের শহীদ মিয়া (৪২)। এই ঘটনায় হাবিবুর রহমানসহ তার পরিবারের আহত চার সদস্য হলেন, ছেলে ছানাউল্লাহ, নাতি রাহুল মিয়া ও প্রবাসী ছেলে কাউসার মিয়ার স্ত্রী প্রীতি আক্তার। ছানাউল্লাহ মিয়া ও রাহুল মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ১০/১৫ জনের এক ডাকাত দল হাবিবুর রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকে হাবিবুর রহমানের মেয়ে রুবিনা বেগমের ওপর হামলা করে। রুবিনার চিত্কারে হাবিবুর রহমান, তার ছেলে সানাউল্লাহ মিয়া ও ছেলের বৌ প্রিতি বেগম এগিয়ে আসেন। এ সময় ডাকাতরা তাদের এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাদের চিত্কারে আশেপাশের লোকজন এগিয়ে এসে বাড়ি ঘেরাও করে। এ সময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও দুই ডাকাতকে ধরে ফেলে এলাকাবাসী। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহতরা ডাকাত দলের সদস্য।
