রিজার্ভ এবার ২২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

আপডেট : ০৭ আগস্ট ২০১৪, ২২:৩৭
কেন্দ্রীয় ব্যাংকে বৈদেশিক মুদ্রার মজুদ এবার দুই হাজার ২০০ কোটি (২২ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। দেশের রফতানি আয়ের প্রবৃদ্ধি, রেমিট্যান্সে গতি, বিদেশ থেকে কর্পোরেট ঋণ গ্রহণ ও আমদানি ব্যয় কমে যাওয়ায় এ রিজার্ভ বেড়েছে। রিজার্ভের এ অর্থ দিয়ে দেশের জন্য সাত মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার বাংলাদেশে ব্যাংকের রিজার্ভ প্রথমবারের মতো ২২ দশমিক শূন্য পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এ রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ৭ মে রিজার্ভ প্রথমবারের মতো ১৫ বিলিয়ন ডলার ছাড়ায়। এরপর একই বছরের ১৯ ডিসেম্বর ১৮ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়। একইভাবে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রিজার্ভ ১৯ বিলিয়ন ডলার, ১০ এপ্রিল ২০ বিলিয়ন ডলার এবং ১৬ এপ্রিল ২১ বিলিয়ন ডলার অতিক্রম করে। রিজার্ভের দিক দিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান।