জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

আপডেট : ৩১ মে ২০১৯, ০০:৪৮

নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল পালিত হলো সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী। মাজারে ফাতেহা পাঠ, দোয়া মাহফিল, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে দলটি। ভোরে বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

সকালে শেরে বাংলা নগরে জিয়ার মাজারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ। পরে অঙ্গ সংগঠনের নেতারাও ফুল দেন।

জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর রাজধানীর গরিবদের মধ্যে খাবার বিতরণ করতেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার খালেদা জিয়া কারাগারে থাকায় তা সীমিত আকারে করা হয়।

এদিকে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড্যাবের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে চিকিত্সাসেবা দেওয়া হয়।

উদ্বোধন করেন ফখরুল। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যাব নেতা ডা. ফরহাদ হালিম ডোনার, ডা. হারুন আল রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।