রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেটে বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছে। তার নাম তানজিলা আক্তার (১৬)। সে গত এসএসসি পরীক্ষায় নাখালপাড়ার সিভিল এভিয়েশন হাইস্কুল থেকে উত্তীর্ণ হয়েছে। সে কলেজে ভর্তির চেষ্টা করছিল।
তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, গতকাল সকাল ১১ টার দিকে ফার্মগেটে বাবুল টাওয়ারের সামনে তানজিলা বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিল। এসময় মিরপুর থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে তানজিলাকে চাপা দেয়। ঘটনার পরপর পুলিশ বাস ও বাসের চালককে আটক করে। তানজিলাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা জানান, আগেই তার মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
জাম পাড়তে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ঢাকা পলিটেনিক্যাল কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম আকাশ বিশ্বাস (২০)। গতকাল দুপুরে পলিটেকনিক্যাল কলেজের লতিফ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। তিনি আইএসই বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ।
পুকুরে ডুবে মৃত্যু
এদিকে, লালবাগ থানার এসআই আসিফ মাহমুদ জানান, গতকাল বিকালে আজিমপুর গভঃ অফিসার্স কোয়ার্টার এলাকায় পুকুরে ডুবে দশ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
