রংপুরে অপহূত ছাত্রী ৬ মাসেও উদ্ধার হয়নি

আপডেট : ০৮ আগস্ট ২০১৪, ২০:৩২
রংপুরে ৯ম শ্রেণির এক ছাত্রীকে এক শিক্ষক অপহরণ করার ৬ মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও তাকে উদ্ধার করতে পারেনি। গত ২৪ ফেব্রুয়ারি মহানগরীর ২২নং ওয়ার্ডের গনেশপুর এলাকার ভাড়া বাসার সামনে থেকে তাকে মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে ২৫ ফেব্রুয়ারি অপহূতার মামা রবিউল ইসলাম বাদী হয়ে রংপুর কোতয়ালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করে। এ ব্যাপারে গত বুধবার দুপুরে রংপুর প্রেসক্লাবে অপহরণকারী শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও উদ্ধারের আশায় সংবাদ সম্মেলন করেছে অপহূতার পরিবার। সংবাদিক সম্মেলনে অপহূতার মা বলেন, অপহরণ ও মামলা দায়েরের ছয় মাস অতিবাহিত হলেও পুলিশ এখন পর্যন্ত অপহূতা উদ্ধার কিংবা আসামিকে গ্রেফতার করতে পারেনি।