ইরাকের নাজাফ শহরে চরম বিপদের মধ্যে পড়েছেন ১৮০ বাংলাদেশি শ্রমিক। এদের মধ্যে বেশ কয়েকজন প্রকৌশলীও রয়েছেন। বিপদগ্রস্ত এসব বাংলাদেশি মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কাছে ই-মেইল করে তাদের উদ্ধারের আবেদন করেছেন। বিপদে পড়া এই ১৮০ শ্রমিকের বাড়ি যশোরসহ দেশের বিভিন্ন জেলায়। যশোর প্রেসক্লাবে গতকাল শুক্রবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক তাদের উদ্ধারে সরকারি সহায়তার আহ্বান জানান।
বিনয় কৃষ্ণ মল্লিক জানান, ঢাকার ক্যারিয়ার ওভারসিজ কনসালট্যান্ট লিমিটেডের মাধ্যমে ইরাকের নাজাফ শহরে আবু তোরাব হাউজিং কোম্পানিতে চাকরি নিয়ে এই শ্রমিকরা গত ২২ মে দেশ ছাড়েন। দেশ ছাড়ার পর থেকেই শুরু হয় তাদের দুরাবস্থা। তিনি বলেন, যেসব শর্তে তাদের চাকরি দেয়া হয়েছিল, তার কোনটিই পালন করছে না কর্তৃপক্ষ। ৩ মাস পার হয়ে গেলেও তারা ১ মাসেরও বেতন পাননি। তাদের ঠিকমতো খাবার ও পানি দেয়া হচ্ছে না। এছাড়া এই ১৮০ জনকে ৪৫ ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার মধ্যে বড় একটি ঘরে রাখা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
তিনি আরো জানান, বৈধভাবে এসব শ্রমিক ইরাকে গেলেও মানবপাচার প্রতিরোধ ও দমন আইন অনুযায়ী এটি সুস্পষ্টভাবে মানবপাচার। অবিলম্বে এ ১৮০ বাংলাদেশিকে উদ্ধার করতে না পারলে এদের অনেকেই সেখানে জীবন হারাতে পারেন বলেও আশঙ্কা রয়েছে। সংবাদ সম্মেলনে ইরাকে অবস্থানরত প্রকৌশলী সিদ্দিক হোসেনের ভাই জাভেদ আহমেদও উপস্থিত ছিলেন।
