সপ্তাহজুড়ে চাঙ্গা শেয়ারবাজার

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ১৯:৫৫
ঈদের পর গেল সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে চার কার্যদিবস মূল্যসূচক বেড়েছে। এরই অংশ হিসেবে সপ্তাহশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। এছাড়া গেল সপ্তাহে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহ শেষে ডিএসই’র পিই রেশিও অবস্থান করছে ১৬ দশমিক ৬২ পয়েন্টে, যা আগের সপ্তাহে ছিল ১৬ দশমিক ২৮ পয়েন্ট। অর্থাত্ সপ্তাহশেষে ডিএসইর পিই বেড়েছে ২ দশমিক ১০ শতাংশ বা ০.৩৪ পয়েন্ট। খাতভিত্তিক পিই’র হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ৯ পয়েন্টে, আর্থিক খাতের ২০ দশমিক ৪২, প্রকৌশল খাতের ১৯ দশমিক ৮৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৮ দশমিক ১৭, বিদ্যুত্ ও জ্বালানি খাতের ১২ দশমিক ৪৪, পাট খাতের ১৬৫ দশমিক ৬৬, বস্ত্র খাতের ১২ দশমিক ১১, ওষুধ ও রসায়ন খাতের ২২ দশমিক ৬৮, সেবা ও আবাসন খাতের ২৩ দশমিকস১৫, সিমেন্ট খাতের ১৮ দশমিক ৪৭, তথ্যপ্রযুক্তি খাতের ২৭ দশমিক ৩৬, চামড়া খাতের ৩৬ দশমিক ২৬, সিরামিক খাতের ২৫ দশমিক ১, বিমা খাতের ২০ দশমিক ৪০, বিবিধ খাতের ২৪ দশমিক ৯১, পেপার ও প্রকাশনা খাতের ১০০ দশমিক ৭১, টেলিকমিউনিকেশন্স খাতের ২১ দশমিক ৪৬ এবং ভ্রমণ ও অবকাশ খাতের পিই অবস্থান করছে ২০ দশমিক ৩৯ পয়েন্টে। সপ্তাহশেষে ক্যাটাগরিভিত্তিক পিইর হিসাবে ‘এ’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৬ দশমিক ১৩ পয়েন্টে, ‘বি’ ক্যাটাগরির ৩৯ দশমিক ৭৬, ‘জেড’ ক্যাটাগরির ৬১ দশমিক ৩২ এবং ‘এন’ ক্যাটাগরির পিই অবস্থান করছে ১৬ দশমিক ৮১ পয়েন্টে। এদিকে আজ রবিবার থেকে শুরু হচ্ছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন। এ আবেদন ২৩ আগস্ট পর্যন্ত চলবে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৪ আগস্ট পর্যন্ত এবং প্রবাসী বিনিয়োগকারীদের জন্য ২৩ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। কোম্পানিটি ৪ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের সঙ্গে প্রিমিয়াম নেয়া হবে ২৫ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ১৫৭ কোটি ৫০ লাখ টাকা উত্তোলন করবে। এ অর্থ দিয়ে কোম্পানিটি ব্যাংক ঋণ পরিশোধ, অবকাঠামো উন্নয়ন এবং আইপিওর কাজে ব্যয় করবে।