বিএনপির সেই ঈদ কোনদিন আসবে না :নাসিম

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:৪২
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উদ্দেশে বলেছেন, ঈদের পর আন্দোলনের হুমকি দিয়েছিলেন। এর আগেও এমন কথা দেশবাসী শুনেছে। সরকার পতনের আন্দোলনের হুমকি না দিয়ে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করুন ও প্রস্তুতি নিন। আল্লাহর দুনিয়াতে অনেক ঈদ আসবে কিন্তু বিএনপি নেত্রী খালেদা জিয়ার ঈদের পর আন্দোলনে নামার সেই ঈদ রোজ কেয়ামত পর্যন্ত কোন দিনই আসবে না। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এবং মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে। ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, অধ্যাপক মমতাজ বেগম প্রমুখ। ‘শোক দিবসে দুই ঘণ্টা ফ্রি চিকিত্সা’ এদিকে দুপুরে তোপখানাস্থ বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন অডিটরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল প্রাক্টিশনার্স এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের দিন এবং ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে দুই ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে গরীব রোগীদের চিকিত্সা সেবা দেয়া হবে। একই সঙ্গে বেসরকারি হাসপাতালগুলোকেও এই দু’দিন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত দুই ঘণ্টা ফ্রি চিকিত্সা সেবা দেয়ার আহ্বান জানান তিনি। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল, বিএমএ সহ-সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান খান, বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের প্রো-ভিসি অধ্যাপক ডা. শহীদুল্লাহ শিকদার, সংগঠনের মহাসচিব ডা. মোঃ জামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।