এসএম সুলতানের আজ নব্বইতম জন্মবার্ষিকী

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:৪৩
আজ ১০ আগস্ট বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯০তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে নড়াইলের জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা। শিল্পী ১৯২৪ সালের এইদিনে নড়াইলের চিত্রা নদীর পাড়ে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাঙালি জাতিসত্তার গভীরতম অন্তরভূমিতে যে অমিত শক্তি সুুপ্ত ছিল সহস্র বছর ধরে তারই নান্দনিক ও শৈল্পিক প্রকাশের অন্যতম সূর্যসারথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতান। ১৯২৪ সালের ১০ আগস্ট তত্কালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাড়ে সবুজ শ্যামল ছায়াঘেরা, পাখির কল-কাকলী মুখরিত মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শিল্পী এসএম সুলতান। তার পিতা মোঃ মেছের আলি, মাতা মোছাঃ মাজুবিবি। পিতা-মাতা আদর করে নাম রেখেছিলেন লালমিয়া। চিত্রশিল্পী এসএম সুলতানের ৭০ বছরের বোহেমিয়ান জীবনে তিনি তুলির আঁচড়ে দেশ, মাটি, মাটির গন্ধ আর ঘামে ভেজা মেহনতী মানুষের সাথে নিজেকে একাকার করে সৃষ্টি করেছেন “পাট কাটা”, “ধান কাটা”, “ধান ঝাড়া”, “ধান ভানা”, “জলকে চলা”, “চর দখল”, “গ্রামের খাল”, “মত্স্য শিকার”, “গ্রামের দুপুর”, “নদী পারাপার”, “ধান মাড়াই”, “জমি কর্ষণে যাত্রা”, “মাছধরা”, “নদীর ঘাটে”, “গুনটানা”, “ফসল কাটার ক্ষণে”, “শরতের গ্রামীণ জীবন”, “শাপলা তোলা”র মত বিশ্ববিখ্যাত সব ছবি। ১৯৫০ সালে ইউরোপ সফরের সময় যৌথ প্রদর্শনীতে তার ছবি সমকালীন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো, ডুফি, সালভেদর দালি, পল ক্লী, কনেট, মাতিসের ছবির সঙ্গে প্রদর্শিত হয়। সুলতানই একমাত্র এশিয়ান শিল্পী যার ছবি এসব শিল্পীদের ছবির সঙ্গে একত্রে প্রদর্শিত হয়েছিল। কালোত্তীর্ণ এই শিল্পী ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্সিয়াল আর্টিস্ট হিসাবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক পেয়েছিলেন। এসএম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে প্রতি বছর ১০ আগস্ট নৌকা বাইচ হয়। কিন্তু এ বছর এ প্রতিযোগিতা পিছিয়ে দেয়া হলেও কবে অনুষ্ঠিত হবে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলতে পারেননি। এ বিষয়ে নড়াইলের জেলা প্রশাসক ও এসএম সুলতান ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গাফ্ফার খান বলেন, এসএম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব দেশের বাইরে থাকায় এ দিন নৌকা বাইচ প্রতিযোগিতা হচ্ছে না। পরে সিদ্ধান্ত নিয়ে নৌকা বাইচ প্রতিযোগিতাসহ সুলতান মেলার আয়োজন করা হবে।