বিলকিস ময়েজউদ্দিন আর নেই

আপডেট : ০৯ আগস্ট ২০১৪, ২২:৫২
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য মরহুম ময়েজউদ্দিনের স্ত্রী বিলকিস ময়েজউদ্দিন বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ মেয়ে, ১ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিলকিস ময়েজউদ্দিন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির মা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলকিস ময়েজউদ্দিনের মৃত্যুর খবর পেয়ে শেষ শ্রদ্ধা জানাতে গতকাল শনিবার দুপুরে তার সিদ্ধেশ্বরীর বাসভবনে যান। বিলকিস ময়েজউদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তার মরদেহের পাশে প্রধানমন্ত্রী কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এছাড়া বিলকিস ময়েজউদ্দিনকে দেখতে তার বাসভবনে যান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রমুখ। মরহুমার জানাজা গতকাল বাদ আছর সিদ্ধেশ্বরী গার্লস হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক বিলকিস ময়েজউদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক শোক বিবৃতিতে তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। জেপির শোক পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জেপি’র মহাসচিব ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বিলকিস ময়েজউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক যৌথ শোক বিবৃতিতে গতকাল নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। একই সঙ্গে নেতৃদ্বয় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।