প্রেমের নানা রং

আপডেট : ১০ আগস্ট ২০১৪, ১৯:৫২
পৃথিবীর সবচে রঙিন বিষয় হচ্ছে প্রেম। মহান মনীষীদের নানান সংজ্ঞায় বিশ্লেষিত হয়েছে প্রেম। কিন্তু একে কোনো নির্দিষ্টতায় বাঁধা যায়নি হয়তো যাবেও না। একেক মানুষের কাছে প্রেমের সংজ্ঞা একেক রকম, সকলের কাছেই এই অনুভূতির মানে ভিন্নরকম। তাই এই প্রজন্মের কয়েকজনের কাছে জানতে চেয়েছিলাম তাদের কাছে প্রেমের রং কেমন। মতামতগুলো সংকলন করেছেন সাজেদুল ইসলাম শুভ্র ও আহসান রনি আফতাব মাহমুদ খুরশীদ ব্র্যান্ড মার্কেটিং স্পেশালিস্ট ও গীতিকার বর্তমান সময়ে ভালোবাসা অনেক জটিল একটি বিষয়ে রূপান্তরিত হয়েছে। ভালোবাসা হয়েছে অনেক দ্রুতগামী। এখনকার দিনে তাই ভালোবাসার শুরু হতে যেমন দেরি লাগে না তেমনি সমাপ্তি হয়ও অনেক তাড়াতাড়ি। এর পেছনের প্রধান কারণ বর্তমান সময়ে যোগাযোগের প্রতুলতা। তবে আমার মনে হয় ভালোবাসা এমন একটি জিনিস যা স্থান, কাল, পাত্রভেদে সবসময় এক থাকে। ভালোবাসা হচ্ছে মানুষের মনের গভীরের এক অনুভূতি। ভালোবাসা যেমন একজন ভালোবাসার মানুষের প্রতি থাকে তেমনি বাবা, মা, সন্তান, নিজের কাজকর্ম সবকিছুর প্রতিই ভালোবাসা থাকে। তবে ভালোবাসার মধ্যে আন্তরিকতা থাকা খুবই জরুরি। যেমন—আমি যখন আমার অফিসের কাজ করি তখন অত্যন্ত ভালোবাসা দিয়ে প্রতিটি কাজ করার চেষ্টা করি। আবার যখন আমি গান লিখি তখন গান লেখার প্রতি আমার ভালোবাসা থাকে। আমার কর্মক্ষেত্রে ও গান লেখার ক্ষেত্রে আমার সফলতার কারণ বলতে আমি বলব, ভালোবাসা নিয়ে কাজগুলো করা। নিজের ভালোবাসার মানুষগুলো যখন আমি কিছু বলার আগেই আমার মনের কথা বুঝে নেয় তখন মনে হয় ভালোবাসা নামের একটা কিছু পৃথিবীতে আছে। আমি মনে করি ভালোবাসা অমর। যতদিন মনুষ্যত্ব থাকবে ভালোবাসার জয়জয়কার থাকবে। সুমন্ত আসলাম সাংবাদিক ও কথাসাহিত্যিক ভালোবাসা মানে অপরিমিত আবেগ। ভালোবাসার জন্য কোনো কিছুই বাধ মানে না। অনেক অসুন্দরকে সুন্দর লাগে, অনেক কালোকে সাদা মনে হয়। বাধভাঙ্গা উচ্ছ্বাস কাজ করে নিজের মধ্যে। এই সময়ে এসে আমাদের সময়ের চেয়ে ভালোবাসা প্রকাশের ভঙ্গি পাল্টেছে বলা যায়। আগে আমরা যদি লুকিয়ে প্রেম করতাম, এখন প্রকাশ্যে প্রেম হয়, পার্কে হয়, চাইনিজ রেস্টুরেন্টে হয়। ভালোবাসা সবসময়ই স্বর্গীয়, একে খাটো করে দেখার অবকাশ নেই কোনোভাবেই। ফেসবুক, টুইটারের যুগে এখন ভালোবাসা বরং আগের চেয়ে ছন্দময় হয়েছে, একে অন্যের আরও কাছে আসতে পেরেছি আমরা। এত কিছুর পরেও ভালোবাসাতে যদি বিশ্বাস অটুট থাকে, তাহলেই কেবল সেই ভালোবাসা শাশ্বত হয়। তাহসান খান সংগীতশিল্পী, অভিনেতা ভালোবাসা বলতে আমার কাছে রেসপেক্ট। ভালোবাসা হলো একে অপরের প্রতি বিশ্বাস। ভালোবাসা হচ্ছে নিজের প্রিয় মানুষের প্রতি বিশ্বস্ত থাকা এবং তাকে বিশ্বাস করা। তবে অতীতের ভালোবাসার সাথে বর্তমানের ভালোবাসা অনেক পার্থক্য তৈরি হয়েছে। এখনকার দিনে মানুষের কাছে পৌঁছানো খুবই সহজ। তাই মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে। কিন্তু অতীতে ভালোবাসা যেমন দীর্ষস্থায়ী হতো বর্তমান দিনে তা হয় না। বর্তমানে ভালোবাসা যেমন খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয় তেমনি খুব অল্প সময়ের মধ্যে ভেঙে যায়। সেক্ষেত্র বলা যায় পুরোনো দিনের প্রেম সেই তুলনায় অনেক ভালো ছিল। আমার নিজের জীবনে ভালোবাসা বলতে আমার স্ত্রী মিথিলা এবং আমার মেয়ে আইরা তেহরীম খান। আমার মেয়ে আমার বর্তমান জীবনে ভালোবাসার অপর নাম। কাজের প্রতি আমার ভালোবাসার শেষ নেই। আমি যেই কাজটি করি অনেক ভালোবাসা নিয়ে করার চেষ্টা করি। আমি যখন গান করি তখন গানের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা ও ভালোবাসা থাকে। আমি কিন্তু গানের পাশাপাশি জিঙ্গেল করার অনেক অফার পাই কিন্তু আমি সেগুলো করি না। কারণ সেগুলোর প্রতি আমি ভালোবাসা অনুভব করি না। নাটকের ক্ষেত্রেও একই কথা। আমি সবসময় কম ও ভালো কাজে বিশ্বাসী। যে নাটকটির কাহিনী ও তাতে আমার চরিত্রটি অনেক ভিন্নধর্মী এবং আমার মনে হয় আমি ভালোবাসা নিয়ে কাজটি করতে পারব, আমি সেটিতেই কাজ করি। ভালোবাসায় সব হয় তাই ভালোবাসা ছাড়া লাইফ ইম্পসিবল। জ্যোতি সিনহা সাধারণ সম্পাদক, মনিপুরি থিয়েটার, অভিনয়শিল্পী ভালোবাসার মানুষের প্রতি মর্যাদা ও শ্রদ্ধা, ভরসা বা বিশ্বাসের যে একটা অনুভূতি সেটিকে ভালোবাসা বলা যায়। ভালোবাসা হলো একে অপরের প্রতি সহমর্মী হওয়া। যদি কোনো নির্দিষ্ট মানুষের প্রতিও একজন মানুষের সঠিক ভালোবাসা থাকে তবে সেই ভালোবাসা তাকে সারা বিশ্বকে ভালোবাসার সামর্থ্য দান করে। আবার আমার কাজের প্রতিও আমার ভালোবাসা আমাকে কাজকে আরও সহজ করে তোলে। অভিনয়ের প্রতি আমার ভালোবাসা ছিল বলেই আমি এখন মঞ্চের একজন পরিচিত শিল্পী হতে পেরেছি। ভালোবাসা এমন একটি জিনিস যা অপরিবর্তনীয়। আমি আমার তরুণী বয়সে ভালোবাসা সম্পর্কে যা ভাবতাম এখনও আমি সেরকমই ভাবি। তবে সময়ের সাথে সাথে ভালোবাসা বিষয়টি একটু পরিবর্তিত রূপ ধারণ করেছে। এখন যোগাযোগ অনেক সহজ হওয়ার কারণে ভালোবাসা অনেক অল্প সময়ের মধ্যে শুরু হচ্ছে। আমার কাছে মনে হয় এর কারণে ভালোবাসা বিষয়টির গুরুত্ব অনেক কমে গেছে। আগেরকার দিনে একজনের জন্য সাধনা, তার জন্য অপেক্ষা করার যে বিষয়গুলো ছিল সেগুলোই প্রকৃত ভালোবাসা। বর্তমান সময়ে তরুণ-তরুণীদের ভালোবাসা খুব অল্প সময়ের মধ্যে পরিবর্তন হয় এবং এর ফলে বিয়ের পরে সম্পর্ক ভেঙে যাওয়ার সংখ্যাও বাড়ছে। আমি ভালোবাসার পক্ষে। আমি চাই ভালোবাসা মানুষের মধ্যে বৃদ্ধি পাক কিন্তু সেই ভালোবাসা দীর্ঘস্থায়ীও হবে এটাই আমার চাওয়া। আদনান আল রাজীব বিজ্ঞাপন ও নাট্য নির্মাতা বন্ধুত্বের ভাব সম্প্রসারণ থেকেই আসে ভালোবাসা। একটা ছেলেমেয়ের মাঝে হয়তো বন্ধুত্ব থাকল, সে যখন আরও বেশি জানবে তাকে, যত বেশি হূদ্যতা হবে, ততই ভালোবাসার দিকে গড়াবে। আর এটা তো হুট করে হয় না, কাছে আসা এবং একে অপরকে জানার মধ্য দিয়েই ভালোবাসার শুরু। এই সময়ে এই প্রজন্মের কাছে ভালোবাসা আসলে আগের চেয়ে গতিময়, একে খারাপভাবে দেখার কিছু নেই। এখন কাউকে জানার সুযোগ অনেক বেশি। সামাজিক মাধ্যমেও আমরা এগিয়েছি অনেক দূর। এই প্রজন্মের সামনে তাই অনেক দ্বার উন্মুক্ত, তাদের ভালোবাসা, বন্ধুত্ব বা প্রেম, যেটাই বলি, অনেক বেশি গতিশীল। প্রযুক্তি আমাদের এই ভালোবাসার রসায়নকে অনেক বেশি কাছে এনেছে। ভালোবাসা ব্যাপারটা যে ঐশ্বরিক, সেটা দারুণভাবে প্রভাব ফেলে আমাদের মনে, কাজেই জয় হোক ভালোবাসার...।