ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়নের বিশানিয়া গ্রাম থেকে দেড় বছর আগে হাজেরাকে (৯) অপহরণ করে ঢাকার বংশালের মুকলিম বাজারে পলাশ ও মেরি দম্পতির বাসায় বিক্রি করে পার্শ্ববর্তী বাড়ির রমিছা খাতুন। দেড়বছর ধরে নিখোঁজ থাকার পর শনিবার একই গ্রামের রিকশাচালক হালিমের মেয়ে আনোয়ারা খাতুন (১৫) তার খোঁজ পেয়ে বাড়িতে খবর দেয়।
গতকাল রবিবার হাজেরা বাড়িতে এসে পৌঁছালে উত্সুক জনতার ভিড় পড়ে যায়। পরিবার-পরিজন নিয়ে গা ঢাকা দেয় অপহরণকারী রমিছা। হাজেরা জানান, দেড়বছর আগে রমিছা ও তার সাথে আরেক পুরুষ গিয়ে ঢাকার ঐ বাসায় তাকে রেখে আসে। পরে কেউ তার খোঁজ-খবর নেয়নি। বাড়িতে আসার জন্য কান্নাকাটি করলে পলাশ ও মেরি দম্পতি তাকে মারধর করতো। মেয়েটির পিতা দিনমজুর হাছেন আলী জানান, রমিছাকে তার মেয়ের কথা জিজ্ঞেস করায় তাকে অকথ্য ভাষায় গালমন্দ করেছে।
দা দিয়ে রমিছা ও তার ছেলে ইসমাইল দাবড়িয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। মেয়েকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে সে সময় থানায় একটি জিডি করে রাখি। মেয়ের মা তারা বানু অপলক দৃষ্টিতে হারিয়ে যাওয়া মেয়েটির দিকে তাকিয়ে জানান, কত যে মেয়ের জন্য কেঁদেছি বলে দীর্ঘশ্বাস ছাড়েন। যারা আমার বুক খালি করেছিল আমি তাদের বিচার চাই।
