বিসিএলে দল পেলেন আশরাফুল

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ২১:১৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল পেয়েছেন। কিন্তু দেশের আরেক ফ্রাঞ্চাইজি লিগ, প্রথম শ্রেণির টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) দল না পাওয়ার হতাশায় ভুগছিলেন মোহাম্মদ আশরাফুল। তাকে ছাড়া টুর্নামেন্টের দুই রাউন্ডের খেলা মাঠেও গড়িয়ে গেছে। অবশেষে হতাশাটা ঘুচলো। বিসিএলের সপ্তম আসরে দল পেয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তিনি তৃতীয় রাউন্ড থেকে যোগ দেবেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের সাথে।

গত আসরেও পূর্বাঞ্চলের হয়ে খেলেছেন আশরাফুল। কিন্তু এবার অনুষ্ঠিত প্লেয়ার ড্রাফটের আগে তাকে দলে ধরে রাখেনি দলটি। আবার প্লেয়ার ড্রাফটেও তার প্রতি চার দলের কেউ আগ্রহ দেখায়নি। ফলে শুরুতে অবিক্রিতই ছিলেন এক সময়ের দেশের এই বড় তারকা।

বিপিএলে ম্যাচ ও স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর বিসিএলে এটাই ছিল আশরাফুলের প্রথম সুযোগ। সেই সুযোগে দল না পাওয়ার হতাশা তাকে বেশ গ্রাস করেছিল।

অবশেষে পূর্বাঞ্চল তাকে দলে ভিড়িয়েছে একটা সমস্যায় পড়ে। তাদের তিন জন খেলোয়াড় এমার্জিং কাপ খেলতে চলে যাবেন। ফলে এই শূন্যস্থান পূরণের একটা দায় ছিল। সেই অবস্থা থেকেই গতকাল আশরাফুলকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

আশরাফুলের এবার বিসিএলে দল না পাওয়ার কারণ ছিল সর্বশেষ জাতীয় লিগে একদমই ভালো করতে না পারা। জাতীয় লিগে খেলছেন গত দুই আসর ধরেই। গত আসরে ঢাকা মেট্রোর হয়ে ৯ ম্যাচে মাত্র ২৫৩ রান করতে পেরেছিলেন। যেখানে ছিল একটিমাত্র ফিফটি। সর্বোচ্চ সেই ইনিংসটি ছিল ৫৩ রানের। পাশাপাশি অবশ্য ৭টি উইকেট নিয়েছিলেন তিনি।