বাঙালি সম্পর্কে দুটো কথা বেশি চিন্তাভাবনা না করে মনে হয় সকলেই বলতে পারবেন। একটা কথা হলো, বাঙালি আত্মবিস্মৃত জাতি। নিজের পূর্বাপর ইতিহাস যত সমৃদ্ধই হোক না কেন তা নিয়ে তার কোন গর্ববোধ নেই। অথচ সংগত কারণে তার গর্ব করবার কথা ছিল। আর দ্বিতীয় হলো, নিজের দেশ ও নিজের ভবিষ্যত্ সম্পর্কে তার কোন মাথাব্যথা নেই। সবাই লক্ষ্য করে দেখুন, আমাদের দেশ থেকে কি বিপুলসংখ্যক বাঙালি বিদেশ যাবার জন্য এক পা উঠিয়ে আছে। যেন আমাদেরই এই মাতৃভূমি নরকের অন্য নাম, আর বাইরের সারা দুনিয়ায় সুখ-স্বর্গ। এখন নাকি পৃথিবীর সব দেশেই বাংলাদেশের বঙ্গসন্তানকে দেখতে পারা যায়, তারা কোন উঁচু চাকরি-বাকরি করছে না। তারা গায়ে-গতরে খাটছে, সুখে মজুরগিরি করছে। দেশের জমি বিক্রি করে সেই টাকা-পয়সার জোরে বিদেশে গেছে, এখন দেশে ফিরলেই খাবে কি? ফলে বাধ্য হয়েই ভিন দেশি স্বর্গে তাকে নরকবাস করতে হচ্ছে। এসব বাস্তবতা থেকে একটা ব্যাপার খুব ভালভাবে বুঝতে পারা যায়। তা হলো যে আশা ও স্বপ্ন নিয়ে লক্ষ লক্ষ বাঙালি প্রাণ বিসর্জন দিয়ে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল তা পূরণ হয়নি। স্বপ্ন পূরণ যিনি করতে পারতেন; তিনি আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সে পথেই চলার জন্য মাত্র পা ফেলতে শুরু করেছিলেন। কিন্তু তাঁর স্বপ্ন যাতে বাস্তবে প্রতিফলিত না হয় সেজন্যই তাকে হত্যা করা হলো। আর হত্যা করলো কারা? এদেশেরই বাঙালি ঘরের সন্তান যাদের তিনি পাকিস্তানিদের নাগপাশ ছিন্ন করে নতুন জীবন দিয়েছিলেন।
বাঙালি আত্মবিস্মৃত জাতিতো বটেই, সেই সঙ্গে চরম বিশ্বাসঘাতক জাতিও। বাঙালি বলে আমরা গর্ব করি বটে, কারণ আমাদের রবীন্দ্রনাথ, নজরুল, জসিম উদদ্ীন আছেন, আমাদের নিজস্ব শিল্প-সংস্কৃতি আছে, কিন্তু এগুলোকে বাদ দিলে আমরা ব্যক্তি মানুষ হিসাবে নিম্নস্তরের। নইলে কি বঙ্গবন্ধুকে হত্যা করা সম্ভব? তিনিই তো আমাদের দেশের পিতা।
আগস্ট মাস একটি শোকাবহ দিন। বাঙালি জাতির সকলের জন্য এক অশ্রুসজল দিবস। তিনি আমাদের ভালোবাসতেন। তিনি এতোখানি আত্মীয় মনে করতেন যে, তার জন্য নির্দিষ্ট সরকারি প্রাসাদেও পর্যন্ত তিনি থাকেননি। কিন্তু বাঙালিকে তো তার বিশ্বাসঘাতকতার প্রমাণ রাখতেই হবে, নইলে ইতিহাস তো মিথ্যা হয়ে যায়। আমরা বাঙালিরাই আমাদের পিতাকে হত্যা করলাম। সারা পৃথিবীর সামনে লজ্জায় আর মুখ দেখানো যায় না।
[লেখক:বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক]
