প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারি কর্মকর্তারা যাতে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন সে লক্ষ্যে খুব শিগগিরই সিভিল সার্ভিস এ্যাক্ট পাস করা হবে। সিভিল সার্ভিস অ্যাক্ট গঠনের কাজ মোটামুটি সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আইনটি বর্তমানে মন্ত্রণালয়ে রয়েছে, শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদনের পরে সংসদে পাঠানো হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিগগিরই আইনটি পাস করবো এবং এর ফলে সরকারি কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সক্ষম হবেন।’
প্রধানমন্ত্রী গতকাল সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) আয়োজিত ৫৬তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন।
বিপিএটিসি’র রেক্টর খন্দকার মো. ইফতেখার হায়দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কোর্স উপদেষ্টা ড. মাহমুদুল হাসান ও কোর্সে অংশগ্রহণকারী বেগম মাহফুজা সুলতানা বক্তব্য রাখেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী ইসমত আরা সিদ্দিক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী ৫৩তম প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী ২৬৩ জন ক্যাডারের মধ্যে ৩০ জনের মধ্যে ‘রেক্টর মেডেল’ ও ‘মেরিট মেডেল’ বিতরণ করেন। কোর্সে অনন্য কৃতিত্ব প্রদর্শনের জন্য মো. নাসির উদ্দিন ‘রেক্টর মেডেল’ লাভ করেন।
শেখ হাসিনা বলেন, তার সরকার দক্ষ ও সেবামুখী জনপ্রশাসন গড়ে তুলতে সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। সরকারি অফিসে সিটিজেন চার্টার বাস্তবায়ন করা হয়েছে এবং ২৫ হাজার ওয়েবসাইট নিয়ে বিশ্বের বৃহত্তম পোর্টাল ‘জাতীয় তথ্য বাতায়ন’ চালু করা হয়েছে। এসব কর্মসূচির ফলে সিভিল সার্ভিসের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের যথাযথ বেতন-ভাতা প্রদানের লক্ষ্যে বেতন ও চাকরি কমিশন ২০১৩ গঠন করা হয়েছে।
