মূলত স্বল্পমূল্যের নোটবুকের বাজারকে মাথায় রেখেই ক্রোমবুক তৈরি করে আসছে সব নোটবুক নির্মাতারা। তবে এতদিন পর্যন্তও এসব ক্রোমবুকে ব্যবহূত হতো ইন্টেলে কিংবা এআরএম-এর প্রসেসর। তবে ক্রোমবুকের বাজারে এবারে এসার প্রথমবারের মতো নিয়ে এসেছে এনভিডিয়ার টেগরা কে১ প্রসেসরে তৈরি ক্রোমবুক। ক্রোমবুক ১৩ মডেলের এই নোটবুকের মাধ্যমেই নোটবুকে অভিষেক ঘটলো এনভিডিয়ার টেগরা কে১ প্রসেসরের। কোয়াড কোরের এই প্রসেসর মূলত মোবাইল প্ল্যাটফর্মে শক্তিশালী একটি প্রসেসর হিসেবে স্বীকৃত। ১৯২-কোর জিপিইউ থাকায় এটি গ্রাফিক্সের কাজের জন্য বিশেষভাবে উপযোগী। ব্যাটারি ব্যাকআপও এটি বেশি প্রদান করতে সক্ষম। বিভিন্ন কনফিগারেশনের ক্রোমবুক ১৩-এর মধ্যে সবচেয়ে কমদামে রয়েছে ২৮০ ডলারে। এতে রয়েছে ১,৩৬৬ বাই ৭৬৮ পিক্সেলের ডিসপ্লে, ২ জিবি র্যাম এবং ১৬ জিবি সলিড স্টেট স্টোরেজ ড্রাইভ। ০.৭ ইঞ্চি পুরুত্বের এই ক্রোমবুক বাজারে সাড়া ফেলবে বলে আশা করছে এসার।
