ভারতে সমপ্রতি কংগ্রেস দলের কয়েকজন নেতা দল সম্পর্কে নানা বিতর্ক মন্তব্য করেছেন। এতে দলটি নিয়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলেছে, কংগ্রেস দলেই বিদ্রোহ শুরু হয়ে গেছে। কংগ্রেসে যাতে এরপর আর এধরনের পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করছেন দলটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তিনি দলের মধ্যে শীর্ষ নেতাদের প্রভাব বিস্তারে কোনো রকম বাধা না দিতে তার তনয় এবং দলের ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে পরামর্শ দিয়েছেন।
সোনিয়া গান্ধী এখন চলতি বছর অনুষ্ঠিতব্য হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনে যাতে ভাল ফল করা যায় সেই দিকে মনযোগ দিচ্ছেন। সমপ্রতি রাহুল গান্ধী এই সব রাষ্ট্রে দলের নেতৃত্ব পরিবর্তনের পরিকল্পনা করেছিলেন। হরিয়ানা এবং মহারাষ্ট্রে ক্ষমতায় আছে কংগ্রেস। আর ঝাড়খন্ডে আছে কংগ্রেসের মিত্র দল। কংগ্রেস সূত্র জানিয়েছে, সোনিয়া গান্ধী মনে করছেন, শীর্ষ নেতাদের যদি রাহুল শুধু দর্শক হিসেবে রাখেন তাহলে তারা দল থেকে পদত্যাগ করতে পারেন। এর ফলে ভারতের প্রাচীন এই দলটি আরো দুর্বল হবে। সূত্র জানায়, প্রিয়াঙ্কা গান্ধীকে সক্রিয় রাজনীতিতে নিয়ে আসার চেষ্টা করছেন দলটির কিছু শীর্ষ নেতা। তারা রাহুলের নেতৃত্বে খুশি নন। তারা প্রিয়াঙ্কাকে এনে রাহুলকে একপাশে সরিয়ে রাখতে চান।
