স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচনে না এসে রাজনৈতিকভাবে মারাত্মক ভুল করেছেন। এই ভুলের মাশুল বিএনপিকেই দিতে হবে। রাজনীতির নামে নেতিবাচক জ্বালাও পোড়াও কর্মসূচি পরিহার করে দল গুছিয়ে ২০১৯ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করতে বিএনপি নেতাদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেছেন মাথা ঠাণ্ডা রাখুন, আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পায়তারা করা হলে তা প্রশাসন কঠোরভাবে দমন করবে।
গতকাল সোমবার বিকালে বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যান্ড ফার্মাসিস্ট সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জনগণকে দেয়া অঙ্গীকার পূরণ করে আগামী নির্বাচনে আবারো দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের বুকে মর্যাদাশীল জাতি ও সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিত হয়ে ওঠেছে।
সমাবেশে সভাপতিত্ব করেন মো. তরিকুল ইসলাম চিশতী। সমাবেশে সারাদেশ থেকে আসা তিন হাজারেরও বেশি ফার্মাসিস্ট ও টেকনোলজিস্ট উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাচিপ ও বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আব্দুল হক, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল ইসলাম, ডা. আবু আহমেদ শহীদুল্লাহ, ডা. শামসুদ্দীন, শফিকুল ইসলাম ও আলমাছ আলী খান।
