কুর্দিদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ আগস্ট ২০১৪, ২২:৪০
ইরাকে বিমান হামলার সঙ্গে সঙ্গে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া’র (আইসিস) বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি বাহিনীকে অস্ত্র সরবরাহ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল মার্কিন কর্মকর্তারা এতথ্য জানিয়েছেন। এদিকে ইরাকে বর্তমান প্রধানমন্ত্রী নূরি আল মালিকিকে সরিয়ে দেয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম ডেপুটি স্পিকার হায়দার আল-এবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এবং নতুন করে সরকার গঠনের আহবান জানিয়েছেন। তবে নূরি আল-মালিকি সরে যেতে অস্বীকৃতি জানানোয় রাজনৈতিক সংকটে পড়েছে দেশটি। খবর গার্ডিয়ান ও বিবিসির। নূরি আল-মালিকি তৃতীয়বারের মতো দায়িত্ব পালন করতে চাইছেন। তিনি গত রবিবার রাতে বাগদাদের রাস্তায় নিজের নিরাপত্তা বাহিনীকে নিয়োজিত করেছেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব তাকে বহুবার ক্ষমতা থেকে সরে যাওয়ার আহবান জানিয়েছেন। কিন্তু তিনি অস্বীকৃতি জানিয়ে আসছেন। গতকাল সোমবার ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম হায়দার আল-এবাদিকে নিয়োগ দেয়ার পরই সংকট বাড়ে। যদিও শিয়া দলও এবাদিকে প্রধানমন্ত্রী হিসেবে আগেই পছন্দ করেছে। বাগদাদে এক টেলিভিশন ভাষণে প্রেসিডেন্ট ফুয়াদ বলেন, তিনি আশা করেন, এবাদি ইরাকি নাগরিকদের রক্ষা করতে সমর্থ হবেন। ২০০৬ সাল থেকে ক্ষমতায় আছেন মালিকি। কিন্তু পার্লামেন্ট তাকে তৃতীয়বারের মতো ক্ষমতায় রাখতে চায়না। এমনকি তার মিত্র যুক্তরাষ্ট্রেরও সমর্থন হারান তিনি। গতকাল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মালিকিকে আর উত্তেজনা না বাড়ানোর আহবান জানিয়েছেন। এর আগে মালিকি প্রেসিডেন্টের বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারি দেন। তার অভিযোগ, প্রেসিডেন্ট গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানে মদদ দিচ্ছেন। প্রেসিডেন্ট ইচ্ছে করেই প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দেবার সময়সীমা বাড়িয়ে দিয়েছেন বলে মালিকির অভিযোগ। সুন্নিপন্থি আইসিস গোষ্ঠী ইরাকের বিভিন্ন শহর নিয়ন্ত্রণ নিতে শুরু করলে তিনি সুন্নি এবং কুর্দিদের সমর্থন হারান। এখন তিনি নিজ সমপ্রদায় শিয়াদেরও সমর্থন হারিয়েছেন। সমপ্রতি ইরাকের উত্তরাঞ্চলের ইরবিলে আইসিস জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে নিয়ন্ত্রণ হারায় কুর্দি বাহিনী। গত শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী কুর্দি নেতার সঙ্গে দেখা করতে গেলে ওই নেতা অস্ত্র সরবরাহের দাবি জানান। মার্কিন যুক্তরাষ্ট্র কুর্দিদের অস্ত্র সরবরাহ করার তথ্য জানানো হলেও কাদের মাধ্যমে এটা সরবরাহ করা হচ্ছে সেটা জানানো হয়নি।