সিলেটে বাসে অগ্নিসংযোগ করে চিত্রনায়িকা শাবনূরের বাবাকে পুড়িয়ে হত্যার মামলায় চার্জশিট জমা দিয়েছে পুলিশ। মামলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতিসহ বিএনপির ৩৮ জনকে অভিযুক্ত করা হয়েছে। তবে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারকে মামলা থেকে বাদ দেয়া হয়। সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল সোমবার এ চার্জশিট জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই সুহেল রানা।
চার্জশিটে অভিযুক্তদের মধ্যে রয়েছেন—স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান জামান, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ টি এম ফয়েজ, দক্ষিণ সুরমা উপজেলা ২০ দলীয় জোটের সমন্বয়ক তাজরুল ইসলাম তাজুল, ছাত্রদলের কোহিনূর, আশিক প্রমুখ।
উল্লেখ্য, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে দক্ষিণ সুরমার চন্ডিপুলের বদিকোনা মসজিদের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাস থেকে বের হতে না পেরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান কাজী নাসির নামে এক ব্যক্তি। পরে জানা যায়, তিনি বগুড়ার বাসিন্দা ও চিত্রনায়িকা শাবনূরের বাবা। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানার এস আই হারুন মজুমদার বাদী হয়ে বিএনপি-ছাত্রদলের নেতা-কর্মীদের আসামি করে মামলা করেন।
