এক ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি গোল করার নতুন রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। এতদিন রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে।
রোনালদো স্পানিশ লিগ ছেড়ে গেলেও মেসির সাথে ইউরোপীয় ফুটবলে তার লড়াই থামেনি। চলতি মৌসুমেও চলছে দুইজনের রেকর্ড ভাঙা-গড়ার কাজ। সর্বশেষ মেসি তার প্রতিদ্বন্দ্বী রোনালদোকে ছাড়িয়ে গেলেন এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ১০৬ গোল করার মধ্য দিয়ে।
মেসি গত বুধবার রাতে আইন্দহোভেনের বিরুদ্ধে বার্সেলোনার ২-১ গোলের জয়ে ৬১ মিনিটে লক্ষ্যভেদের মধ্য দিয়ে রেকর্ডটি গড়েন। রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে চলে যাওয়ার আগে রেকর্ডটি ছিল রোনালদোর দখলে। মেসির গোলটি ছিল বরাবরের মতোই দর্শনীয়। খেলোয়াড়দের জটলার মধ্যে থেকেই আর্জেন্টাইনটি গোলরক্ষককে পরাস্ত করেন।
চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরে পাঁচ গোল করেছেন ৩১ বছরের এই ফরোয়ার্ড। বার্সেলোনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোল নিশ্চিত করায় তার সামনে আছে আরো গোলের সুযোগ। শুধু তাই নয় এক ক্লাবের হয়ে বেশি গোলের রেকর্ডটি এখন মেসির দখলেই থেকে যাবে। কেননা তিনি বরাবর এক ক্লাবেই খেলছেন।
রেকর্ডটির পর স্বভাবতই উল্লসিত মেসি। তিনি বলেন, ‘আমি আনন্দিত। নতুন এই পরিসংখ্যানের জন্য আমি খুশি।’ শুধু এ জন্যই নয়, ইন্টার মিলান ও টটেনহ্যাম হটস্পারের সাথে থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াতেও শিহরিত মেসি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কঠিন একটা গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আমরা শীর্ষে থাকার লক্ষ্য পূরণ করেছি। আমরা সত্যি আনন্দিত।’
সবচেয়ে বেশি গোল করার এ রেকর্ডটিতে রোনালদোর পর তৃতীয় স্থানে আছেন রিয়াল মাদ্রিদেরই আরেক কিংবদন্তি রাউল। রোনালদোর ১০৫ গোলের বিপরীতে রাউল করেছিলেন ৬৬টি। চতুর্থ স্থানে আছেন করিম বেনজেমা। ২০০৯ সালে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়া এই ফরাসির গোল সংখ্যা ৪৭।
বায়ার্ন মিউনিখের হয়ে এখনো নিয়মিত খেলা থমাস ম্যুলার ও জুভেন্তাস কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরো যৌথভাবে আছেন পঞ্চম স্থানে। উভয়ের গোল সংখ্যা ৪২।
চ্যাম্পিয়ন্স লিগে এর আগের দিন মঙ্গলবার রোনালদোও নতুন রেকর্ড গড়েছিলেন। জুভেন্তাসের হয়ে ভ্যালেন্সিয়াকে হারানোর মধ্য দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম খেলোয়াড় হিসেবে ১০০টি জয়ের রেকর্ড গড়েন রোনালদো।
পর্তুগীজ স্ট্রাইকারটির কাছেও চ্যাম্পিয়ন্স লিগ যেন রেকর্ড ভাঙা-গড়ার প্রতিযোগিতা। প্রতি বছরই কোনো না কোনো রেকর্ড গড়েন তিনি। তাছাড়া ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার এমনিতেই চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের হিসেবে সবচাইতে বেশি গোলদাতা। এ পর্যন্ত ১২১ গোল করেছেন তিনি।
