চশমা ক্যাম্প

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:৪৭
তখন আমার বয়স তিন বছর হয়নি। পাকিস্তানের যে অঞ্চলটিতে বাবা-মায়ের সঙ্গে আটক ছিলাম তার নাম ছিল চশমা ক্যাম্প। পাকিস্তানের দক্ষিণে। সাগর পাড়। প্রতিবেশী ভাইয়াদের সঙ্গে খেলাধুলা করি। এরকম একদিন দুপুরে খেলতে খেলতে সবাই একটা কবর দেখার জন্য একটু দূরে গেলো। আমিও বড় ভাইয়াদের সঙ্গে গেলাম। সেখানে হিটলার ভাইয়া, স্বপন ভাইয়া ছিল। আমার এখনও স্পষ্ট মনে আছে একজন শ্রমিক একটা কবর বুজিয়ে ফেলছে। রাগে গজগজ করছিল আর বেলচা দিয়ে মাটি ভরাট করছিল। খোঁড়া হয়েছিল কিন্তু দাফন হয় নাই। বহু বছর এই দৃশ্যটা লালন করেছি। বুঝতে পারিনি কী ঘটনা ছিল। এরপর ২০০২ সালে স্বপন ভাইকে আবার ফিরে পেলাম। কথায় কথায় তাকে ঐ ঘটনাটা বললাম। জানতে চাইলাম আসলে কী ঘটেছিল? তখন তিনি বললেন যে ওটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য খোঁড়া কবর। আমি খুব পুলকিত হই যে পাকিস্তানি শোষক চক্র বাঙালির জনককে কবর দিতে চেয়েছিল এবং কবর দিতে না পেরে রাগে ফুঁসে কবরের স্থানটি ভরাট করছিল। বঙ্গবন্ধু সামরিক আদালতে ফাঁসির রায়ের পর বলেছিলেন, “আমার দেহটি যেন বাংলার মাটিতে দাফন করা হয়।” সেদিন আমি খুব পুলকিত হয়েছিলাম এবং ভেবেছিলাম যে অন্তত পাক শাসক চক্রের ব্যর্থতাগুলোর একটি অন্তত আমি নিজের চোখে দেখেছি। আজ বঙ্গবন্ধুর মতো লক্ষ নেতা প্রয়োজন। একটা ছবি বানানো প্রয়োজন চশমা ক্যাম্পর ঘটনা নিয়ে। পারবো কিনা জানি না? ঢাকা