পূর্ব ইউক্রেনে মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়া

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২০:৪৮
পূর্ব ইউক্রেনে মানবিক সাহায্য পাঠিয়েছে রাশিয়া। মঙ্গলবার দেশটির উদ্দেশে সাহায্য নিয়ে প্রায় ৩০০ লরি রাশিয়া ছেড়ে গিয়েছে। দেশটির গণমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকায় যুদ্ধের ফলে আটকে থাকা সাধারণ জনগণের সাহাযার্থে এ মানবিক সহায়তা পাঠানো হয়েছে। এর মধ্যে শত শত টন শস্য, শিশুদের খাবার, পাওয়ার জেনারেটর ও ওষুধ রয়েছে। এছাড়া ইউক্রেনীয় সরকারের সম্মতিতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এদিকে ঐ অঞ্চলে অনুপ্রবেশের পন্থা হিসেবে এ ধরনের কৌশল ব্যবহার না করতে সতর্ক করে দিয়েছে পশ্চিমা শক্তিধর দেশগুলো। এর আগে আন্তর্জাতিক রেডক্রসের সাথে মিলে এ ধরনের মানবিক অভিযান পরিচালনা শুরু করতে যাচ্ছেন বলে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান। —বিবিসি।