মেহেরপুরে লাউ আবাদ করে ইউনুচ আলী স্বাবলম্বী

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৩১
সবজি চাষ করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুর শহরের মন্ডলপাড়ার ইউনুচ আলী। এ বছর তিনি আড়াই বিঘা জমিতে লাউ চাষ করেছেন। একদিন পর পর তার ক্ষেত থেকে উঠছে প্রায় ৫শ’ লাউ। যার প্রতিটির পাইকারী মূল্য ২০ টাকা। মেহেরপুর জেলা শহরের মন্ডলপাড়ার আইয়ূব নবীর ছেলে কৃষক ইউনুচ আলী। প্রাইমারি স্কুলের গণ্ডি পেরিয়ে লেখাপাড়া তার ভাল লাগেনি। মাটিতে সোনা ফলানো তার প্রবল ইচ্ছা। তাই তিনি কৃষিকাজের প্রতি ঝুঁকে পড়েন। বর্তমানে তিনি সফল চাষি হিসেবে সকলের কাছে পরিচিত। এবছর তিনি নিজের ১৮ বিঘা ও অন্যের নিকট থেকে লীজ নেয়া আরো ৯ বিঘা জমিতে ধান, পাট, শশা, কচু ও লাউ চাষ করেছেন। গেলো বছর ২ বিঘা জমিতে লাউ চাষ করে প্রচুর লাভ পেয়েছেন তিনি। এবছর তিনি আড়াই বিঘা জমিতে লাউ চাষ করেছেন। গতবছর ২ বিঘা জমিতে ৫০ হাজার টাকা খরচ করে তিনি দেড় লাখ টাকার লাউ বিক্রি করেছিলেন। ইউনুচ আলী জানালেন, তিনি বৈশাখ মাসে লাউ চাষ করেছেন। ইতিমধ্যে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন তিনি। তার ক্ষেত থেকে লাউ বিক্রি করা যাবে আশ্বিন মাস পর্যন্ত। তিনি জানালেন, সুতালী, তার, বাঁশ, বীজ, সার, পানি সেচ ও লেবার খরচসহ সমুদয় চাষ খরচ বাবদ তার এ পর্যন্ত ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এরপরও আশ্বিন মাস পর্যন্ত লেবার ও সার খরচ বাবদ আরো ২০ হাজার টাকা খরচ হতে পারে। তিনি জানলেন, ততদিনে তিনি আরো একলাখ টাকার লাউ বিক্রি করতে পারবেন বলে আশা করেন। ক্রেতা জমিরউদ্দিন ও বদরউদ্দিন জানালেন, তারা একদিন পরপর ইউনুচ আলীর ক্ষেতের ৪শ’ থেকে ৫শ’ লাউ কিনে নিয়ে যান। তারা প্রতিটি লাউ ২০ টাকায় কিনতেন। বর্তমানে প্রতিটি লাউ ১৫ টাকা দরে কেনেন। কেনা লাউের ৩০টি করে একেকটি কার্টুন ভর্তি করেন। এরপর আলগামনে করে মেহেরপুর শহরে নিয়ে অন্যান্য মালের সাথে ট্রাকভর্তি করে ঢাকা পাঠান। ঢাকায় প্রতিটি লাউ ৪০ টাকা থেকে ৫০ টাকায় বিক্রি হয়।