রাণীপুকুর-কদমতলী সড়কের ব্রিজ এখন মরণ ফাঁদ

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৩১
মিঠাপুকুরে একটি ব্রিজ ভেঙ্গে যাওয়ার স্বচিত্র প্রতিবেদন প্রকাশের পর কর্মকর্তারা পরিদর্শন করলেও সংস্কার না হওয়ায় পথচারীদের জন্য ব্রিজটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রাণীপুকুর মাঠেরহাট হয়ে আঁখিরাহাট সংলগ্ন ব্রিজটির প্রথমে কার্পেটিং উঠে, পরে মাঝখানে ভেঙ্গে যায়। এ রাস্তায় নিত্যপ্রয়োজনীয় কাঁচামালসহ কৃষকের উত্পাদিত ফসল আমদানি ও রাপ্তানি হয়ে থাকে। কিন্তু ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় বহু পথ ঘুরে গন্তব্যে পৌঁছতে হয়। ফলে অতিরিক্ত পরিবহন ভাড়া ব্যয় করতে হচ্ছে ভুক্তভোগীদের। ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, হাট-বাজারের ব্যবসায়ী ও পণ্যসামগ্রী পারাপারে বিঘ্ন ঘটাসহ স্থানীয় জন সাধারণের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া ব্রিজটি অচল হওয়ায় হাট-বাজারের বেচা-কেনা স্থবির হয়ে পড়ছে। স্থানীয়রা মনে করছেন অতি জরুরিভাবে ব্রিজটি পুনর্নির্মাণ না করা হলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও আত্মসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। উল্লেখ্য, গত ৫ মে দৈনিক ইত্তেফাক পত্রিকায় ব্রিজটির সচিত্র প্রতিবেদন প্রকাশ হয়। এরপর উপজেলা এলজিইডি’র কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে এলাকাবাসী স্বস্তির স্বপ্ন দেখেন। কিন্তু চলে যাওয়ার পর আর কোন খবর নেই। এ বিষয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলী একেএম সাদিকুর রহমান জানান, সরেজমিনে দেখে প্লানস্টিমেট তৈরি করা হয়েছে। সময় সাপেক্ষে বাস্তবায়ন হবে।