বিএনপি-জামায়াতের ১০৮ জনের নামে চার্জশীট

আপডেট : ১২ আগস্ট ২০১৪, ২১:৩৪
কেশবপুরে নির্বাচনী সহিংসতা কেশবপুরে ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন উপজেলার গড়ভাঙ্গা এলাকায় সহিংসতার দুইটি মামলায় বিএনপি-জামায়াতের ১০৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ। নির্বাচনের দিন বেলকাটি ভোট কেন্দ্রে নাশকতাকে কেন্দ্র করে গড়ভাঙ্গা বাজারে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ঘটনায় ৬ জানুয়ারি পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার বাদী হয়ে ২৬ জনের নাম উল্লে¬খ করে ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনের নামে একটি মামলা করেন। যার নং ৫। অধিকতর তদন্ত শেষে থানার এস আই জাহাঙ্গীর আলম ৪৮ জনকে অভিযুক্ত করে রবিবার বিজ্ঞ আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। অপর দিকে গড়ভাঙ্গা বাজারে ডোঙ্গাঘাটা ডাকঘরের রেভিনিউ ও ডাক টিকিটসহ যাবতীয় কাগজপত্র ও আসবাবপত্র পুড়িয়ে দেয়ার ঘটনায় ৭ জানুয়ারি থানার এএসআই কামরুজ্জামান বাদী হয়ে বিএনপি-জামায়াতের ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০-৩০০ জনের নামে একটি মামলা করেন। যার নং ৭। ওই মামলার অধিকতর তদন্ত শেষে থানার এস আই জাহাঙ্গীর আলম ৬০ জনকে অভিযুক্ত করে সোমবার বিজ্ঞ আদালতে মামলার চার্জশীট দাখিল করেন।