বাংলায় একটি প্রবাদ আছে, ‘কাঁটা হেরি ক্ষান্ত কেন কোমল তুলিতে’। অর্থাত্ ভাল কিছু পেতে হলে কাঁটার আঘাত সহ্য করতে হবে। সেটাই করতে চেয়েছিলেন কানাডার এক স্ত্রী। স্বামীকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে কাঁটাতারের বেড়ার ওপর ওঠে বিমান থামানোর চেষ্টা করলেন!
কানাডার পুলিশের মুখপাত্র সার্জেন্ট লিব্ল্যাঙ্ক জানান, এক মহিলা নোভা স্কটিয়ার হ্যালিফ্যাক্স স্টানফিল্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাঁটাতারের বেড়ার ওপর উঠেছিলেন। বেড়াটি ১০ ফুট উঁচুতে ছিল। সেই বেড়ার ওপর উঠে ওই মহিলা একটি বিমানকে থামানোর চেষ্টা করছিলেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। এয়ারপোর্টের যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার স্পুরওয়ে বলেন, বেড়ার ওপর ওঠার সঙ্গে সঙ্গে বিমান বন্দরের টাওয়ারে সেটি ধরা পড়ে। তখনই বিষয়টি জরুরি নিরাপত্তা কর্মীদের জানানো হয় এবং মহিলাকে গ্রেফতার করা হয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানান, তিনি মনে করেছিলেন ওই বিমানটিতে তার স্বামী ছিল। স্বামীকে আটকাতে তিনি বিমানকে থামানোর চেষ্টা করেছিলেন। কারণ তার স্বামী অন্য একটি মেয়ের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, বাস্তবে কোনো বিমানের কোনো ফ্লাইটেই তার স্বামী ছিল না। কাঁটাতারে আহত হওয়ায় ওই মহিলাকে চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। স্ত্রী বটে! - ইউপিআই
