শেয়ারবাজারে কয়েকদিন লেনদেন বাড়ার পর ফের কমতে শুরু করেছে। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৪৯৩ কোটি টাকা। যা আগের দিনের তুলনায় ২৮ শতাংশ কম। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়, গতকালও বাজারে বড় মূলধনী কোম্পানিগুলো ঘিরে লেনদেন হয়েছে। এমজেএল বাংলাদেশের দাম বেড়েছে ৬ শতাংশেরও বেশি। আর গ্রামীণ ফোনের দাম বেড়েছে আড়াই শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪৯৩ কোটি ২১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৮৮ কোটি ১৬ লাখ টাকা কম।
লেনদেনকৃত ২৯৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৩ কোটি ৫১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২১৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭২টির কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের।
