পৃথক ঘটনায় নিহত ১৭

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২১:৪৭
দেশের বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। মাগুরায় দুর্ঘটনায় বিজিবি সদস্যসহ নিহত ২ মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার সাইত্রিশ নামক স্থানে গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাসের সাথে ট্রাকের সংঘর্ষে বিজিবি সদস্যসহ ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছে। নিহতরা হলো— বিজিবি সদস্য জুয়েল রানা (৩৫), অজ্ঞাতনামা (৩০)। নিহত বিজিবি সদস্য জুয়েল তার কর্মস্থল পঞ্চগড় থেকে নিজ বাড়ি চুয়াডাঙ্গা ফিরছিলেন। কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ বুধবার রংপুরের কাউনিয়ায় একটি নৈশ কোচ এবং মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা ভুরুঙ্গামারী শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচ উপজেলার মীরবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রংপুরগামী একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিরাজুল ইসলাম এবং পশু চিকিত্সক সফিকুল ইসলাম নিহত হয়। নবীনগরে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাঠে ফুটবল খেলার সময় গতকাল বুধবার বজ্রপাতে ২ যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে মাঠে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মধ্যে ফুটবল খেলছিল গ্রামের যুবকরা। হঠাত্ বজ্রপাতে ওই গ্রামের নুর মিয়ার পুত্র শাহাবুদ্দিন (২০) ও পার্শ্ববর্তী ভৈরবের ডিশের ব্যবসার কাজের সাথে জড়িত রকিব (১৮) গুরুতর আহত হয়। এসময় মাঠে খেলা অবস্থায় আরো ৩ জন আহত হয়। তাদের মধ্যে রকিব ও শাহাবুদ্দিনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে। বিদ্যুত্স্পৃষ্টে স্বামী নিহত স্ত্রী আহত দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে মঙ্গলবার রাতে বিদ্যুত্ স্পৃষ্টে সাইফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও তার স্ত্রী মুস্তারা বেগম (৪০) তাকে রক্ষা করতে গিয়ে আহত হন। মুরগীর খামারে বিদ্যুত্ সংযোগ দিতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুরে বিদ্যুত্স্পৃষ্টে কাঠুরিয়ার মৃত্যু কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার কাইসমা গ্রামের কাঠুরিয়া গিয়াসউদ্দিন (৬৫) গতকাল বুধবার উপজেলা সদর বাজারের সাব-রেজিস্ট্রারের অফিস সংলগ্ন একটি কাঠের দোকানে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। ঠাকুরগাঁওয়ে বিদ্যুত্স্পৃষ্টে শিক্ষকের মৃত্যু ঠাকুরগাঁও পৌরসভার গোয়ালপাড়া এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার তার বাড়িতে এ ঘটনা ঘটে। মান্নান সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কাচারীবাজার উচ্চ বিদ্যালয়ে শিক্ষক। নিজ বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে গেলে তিনি তা ঠিক করতে যান। এসময় বৈদ্যুতিক তারে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মান্দায় এক ব্যক্তির আত্মহত্যা মঙ্গলবার রাতে নওগাঁ মান্দা উপজেলার ১১নং কালিকাপুর ইউপির চকরামকান্ত গ্রামের বুদাই প্রামাণিকের ছেলে আয়েন উদ্দীন প্রামাণিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। দোহারে স্কুলছাত্রের আত্মহত্যা ঢাকার দোহার উপজেলায় মা-বাবার সাথে অভিমান করে আল-আমিন (১১) নামে এক স্কুলছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামের আব্দুল কুদ্দুস সিপাহীর ছেলে। সে চতুর্থ শ্রেণীর ছাত্র। মঙ্গলবার রাতে উপজেলার নারিশা পশ্চিমচর গ্রামে নিজ বাড়ির গোয়াল ঘরে স্থানীয়রা তার লাশ দেখতে পায়। লালপুরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু বুধবার নাটোর লালপুর উপজেলার জোতগৈরী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র সেলিম আহমেদ (০৮) বজ্রপাতে মারা গেছে। সে মনিহারপুর গ্রামের হাসান আলীর পুত্র। মুরাদনগরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কুমিল্লা মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের করিমপুর গ্রামে গতকাল বুধবার নয়টার আনিছ মিয়া (২২) নামের এক যুবক বিদ্যুত্স্পৃষ্টে নিহত হয়। নিহত আনিছ মিয়া উপজেলার করিমপুর মধ্যপাড়া গ্রামের মো: আনু মিয়ার ছেলে। জীবননগরে দুর্ঘটনায় নিহত এক চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। উপজেলার মনোহরপুর বাস স্ট্যান্ডে বুধবার দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে এক করিমনকে ধাক্কা দেয়। এতে করিমন চালক উপজেলার কর্চ্চাডাঙ্গা গ্রামের হানিফ আলীর (৩০) ঘটনাস্থলে মৃত্যু হয়। গাইবান্ধায় নৌকা ডুবিতে নিখোঁজ আরো একজনের লাশ উদ্ধার গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ৩ জনের মধ্যে বুধবার সোহরাব হোসেন (৫০) নামে আরো একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। সোহরাব গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের নুনগোলা গ্রামের বাসিন্দা। শেরপুরে বজ্রপাতে ১ শিশু নিহত, আহত ৪ বগুড়ার শেরপুরে বজ্রপাতে ৮ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অপর ৪ জন গুরুতর আহত হয়েছে। তাদের শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শিশুটির নাম তামান্না খাতুন। সে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের শামিমের কন্যা। আশুগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত-১ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোগাহপুর বাসস্ট্যান্ডের কাছে গত মঙ্গলবার রাতে সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান নামে (৮) বছরের এক শিশু নিহত হয়েছে।