পাসের হার আর জিপিএ-৫ সবার আগে ঢাকা বোর্ড

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২২:৫৮
চলতি বছর উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও এগিয়ে আছে এই বোর্ড। এবার ঢাকা বোর্ডে মোট ২ লক্ষ ৯৭ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২ লক্ষ ৫১ হাজার ৭৭২ জন। পাসের হার ৮৪ দশমিক ৫৪ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ হাজার ৯০২ জন পরীক্ষার্থী । এছাড়া ঢাকা বোর্ডের অধীনে ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৩৯৫ জন জিপিএ-৫ পেয়েছে। এ বছর সর্বনিম্ন পাসের হার যশোর বোর্ডে। এ বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৫৮ শতাংশ। এছাড়া অন্যান্য বোর্ডের মধ্যে সিলেট বোর্ডে ৭৯ দশমিক ১৬, রাজশাহী বোর্ডে ৭৮ দশমিক ৫৫, দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ১৪, বরিশাল বোর্ডে ৭১ দশমিক ৭৫, কুমিল্লা বোর্ডে ৭০ দশমিক ১৪ ও চট্টগ্রাম বোর্ডে ৭০ দশমিক ০৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে ঢাকা বোর্ডের পরেই রয়েছে রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৪১ জন পরীক্ষার্থী। অন্যান্য বোর্ডের মধ্যে দিনাজপুর বোর্ডে ৪ হাজার ৪৭৪ জন, যশোর বোর্ডে ৪ হাজার ২৩১, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৬৪৬, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৬০০, বরিশাল বোর্ডে ২ হাজার ২২৫ এবং সিলেট বোর্ডে ২ হাজার ৭০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।