চট্টগ্রামে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫

আপডেট : ১৩ আগস্ট ২০১৪, ২৩:০০
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার বাড়লেও জিপিএ-৫ কমেছে। গত বছর ২ হাজার ৭৭২ জন জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ২ হাজার ৬৪৬ জন। এই হিসাবে এবার জিপিএ ৫ কমেছে ১২৬। সামগ্রিকভাবে গত বছর চট্টগ্রাম বোর্ডে পাসের হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ। এবার তা ৭০ দশমিক ৬ শতাংশে উন্নীত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম মহানগরী ছাড়াও তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজার জেলায় পাসের হার গতবারের তুলনায় বেড়েছে। চট্টগ্রাম মহানগরীতে গত বছর পাসের হার ছিল ৭৪ দশমিক ০৮ শতাংশ। এ বছর তা বেড়ে হয়েছে ৭৯ দশমিক ৮৭ শতাংশ। মহানগরী বাদে চট্টগ্রাম জেলায় গতবার ৫২ দশমিক ৭৯ শতাংশ পাস করে। এবার পাস করেছে ৬৩ দশমিক ৯০ শতাংশ। পার্বত্য জেলাগুলোর মধ্যে চমক দেখিয়েছে খাগড়াছড়ির শিক্ষার্থীরা। গত বছর এই জেলায় পাসের হার ছিল ৪৬ দশমিক ৮৬ শতাংশ। এবার এই হার ৬৩ দশমিক ২৮ শতাংশে উন্নীত হয়েছে। রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় পাসের হার গতবারের তুলনায় গড়ে ১০ শতাংশ করে বেড়েছে।