সরকারের কাছে মোট ৭০ কোটি টাকার ডিভিডেন্ডের চেক হস্তান্তর করেছে রাষ্ট্রায়ত্ত তিনটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান তিনটি হলো- ‘ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড’ (ইডকল), ‘ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ’ (আইসিবি) ও ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড’ (বিডিবিএল)।
গতকাল সকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পৃথক পৃথকভাবে ডিভিডেন্ডের চেক হস্তান্তর করেন ওই তিন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অর্থসচিব মাহবুব আহমেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. আসলাম আলম এ সময় উপস্থিত ছিলেন।
এসময় অর্থমন্ত্রী বলেন, অনেকে বলেন সরকারি প্রতিষ্ঠান ব্যবসা করতে পারে না, শুধু লোকসান দেয়। আজ তিনটি সরকারি প্রতিষ্ঠান লভ্যাংশ প্রদান করেছে। আজ একটা খুশীর দিন। আমাদের এখানে মূলত জ্বালানি ও টেলি-যোগাযোগ খাতেই বৈদেশিক বিনিয়োগ এসে থাকে। এর বহুমুখীকরণ হওয়া জরুরি। বিশেষত অভ্যন্তরীণ উত্পাদনমুখী খাতে বৈদেশিক বিনিয়োগ আসা উচিত এবং আগামীতে এখাতে বৈদেশিক বিনিয়োগ আসবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তবে সরকারের বেশি ব্যবসা করা উচিত নয়।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘ইডকল’ ২০১২-১৩ অর্থবছরের জন্য সরকারকে ১৪ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। আলোচ্য বছরে কোম্পানিটি নীট মুনাফা অর্জন করেছে ১০৫ কোটি ৫৩ লাখ টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও ইডকল চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন অর্থমন্ত্রীর হাতে ডিভিডেন্ডের চেক তুলে দেন। ‘আইসিবি’ ২০১২-১৩ অর্থবছরের জন্য সরকারকে ৪৫ কোটি ৫৬ লাখ টাকা ডিভিডেন্ড দিয়েছে। সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান ও পরিচালনা পর্ষদ সদস্য কাজী শফিকুল আযম অর্থমন্ত্রীর হাতে ডিভিডেন্ডের চেক তুলে দেন।
‘বিডিবিএল’ ২০১৩ সালের পঞ্জিকা বছরের জন্য সরকারকে ১০ কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জিল্লুর রহমান অর্থমন্ত্রীর হাতে ডিভিডেন্ডের চেক তুলে দেন।
