বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না ---------------- স্পিকার

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২১:৪৮
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেক নাম স্বাধীন বাংলাদেশ। বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তাঁর সমগ্র জীবন ব্যয় করেছেন। তার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘বাঙালির হূদয়ের ফ্রেমে জাতির পিতা’ শীর্ষক যুবলীগের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, জাতির পিতা একটি আদর্শ। শুধু একটি দেশ তিনি স্বাধীন করেননি, তিনি আমাদের দিয়েছেন একটি পবিত্র সংবিধান। যে অসামপ্রদায়িক দেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, আমাদের সংবিধানে তারই প্রতিফলন আমরা দেখতে পাই। স্পিকার বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রায় সফল পথে চলছে। বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের যে ব্রত নিয়ে আমরা কাজ করছি, তাতে সবাইকে অংশগ্রহণ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ৩৯তম শাহাদাতবার্ষিকীতে আমরা শপথ নেই, সকলে সমন্বিতভাবে কাজ করে বাংলাদেশকে যেন একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি। যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ। সংবাদচিত্র উদ্বোধনী শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঘুরে ঘুরে দেখেন।