দীর্ঘ ১৪ বছর পর বাংলাদেশ সফরে আসছেন জাপানের কোন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। সর্বশেষ ২০০০ সালের আগস্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে তত্কালীন জাপানি প্রধানমন্ত্রী ইয়োশিরো মরি বাংলাদেশ সফর করেন। ১৪ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আবারো আসছেন জাপানের প্রধানমন্ত্রী। গত ২৫ থেকে ২৮ মে জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান জাপানি প্রধানমন্ত্রীকে। শেখ হাসিনার ঐ সফরে ঢাকা ও টোকিও’র মধ্যে সম্পর্কের নতুন যুগের সূচনা হয়। জাপান বাংলাদেশের বৃহত্তম দাতা ও উন্নয়ন অংশীদার। নিয়মিতভাবে অনুদান, সহায়তা, কারিগরি সহায়তা ও সহজ শর্তে ঋণ দিয়ে যাচ্ছে জাপান। গত বছর জাপান ১১ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেয়।
গত মে মাসে টোকিও সফরকালে শেখ হাসিনা ও শিনজো আবে ছয় বিলিয়ন মার্কিন ডলারের ৭টি বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে জাপানি অর্থায়নের চুক্তি হয়। শিনজো আবের ঢাকা সফরেও কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা ও টোকিও’র কর্মকর্তারা। জাপানি প্রধানমন্ত্রীর ঢাকা সফরের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আগামী সপ্তাহে ঢাকা ও টোকিও থেকে একযোগে ঘোষণা করা হবে বলে কূটনৈতিক সূত্র জানায়।
