খালেদা জিয়ার জন্ম দিন আজ

আপডেট : ১৪ আগস্ট ২০১৪, ২২:৩২
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্ম দিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট তিনি দিনাজপুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা তৈয়বা মজুমদার আর পিতা ইস্কান্দার মজুমদার। ১৯৬০ সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। কলেজে পড়ার সময় তত্কালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। জিয়া-খালেদা দম্পতির দুই সন্তান তারেক রহমান পিনু আর আরাফাত রহমান কোকো। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন খালেদা জিয়া। পরের বছর মার্চে সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তিনি। ১৯৮৪ সালের ১০ মে খালেদা জিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হন। ৯০এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। এদিকে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠন কেক কাটা ও মিষ্টি বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচিতে দলের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন। এসব কর্মসূচি ছাড়াও সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিএনপি গতকাল রাত ১২টা ১ মিনিটে বেগম জিয়াকে জন্মদিন উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা উপস্থিত থেকে চেয়ারপারসনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আজ শুক্রবার সকাল ১০টায় ছাত্রদল নিজ কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেককাটা ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করবে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে গুলশানে ছাত্রদল তাকে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান। বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন যুবদল খালেদা জিয়ার ৭০তম জন্মদিন পালন করবে। সকাল ১১টায় নয়াপল্টনের কার্যালয়ে যুবদল আনুষ্ঠানিকভাবে কেক কাটবে এবং মিষ্টি বিতরণ করবে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেককাটা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠান করবে। দুপুর ১২টায় নিজ কার্যালয়ে জন্মদিনের অনুষ্ঠান করবে স্বেচ্ছাসেবক দল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।