পাঠকদের জন্য তরুণকণ্ঠ’র নতুন বিভাগ ‘আমার স্বপ্ন’। এই বিভাগে তরুণরা লিখে পাঠান মনের ভেতর লালিত ইতিবাচক স্বপ্নের কথা। লেখা হতে হবে ১০০ শব্দের ভেতর। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল : [email protected]
আইটি বিশেষজ্ঞ হতে চাই
মাহবুবুর রহমান
শিক্ষা ও গবেষণা বিভাগ, ঢাবি
ছোটবেলা থেকেই তথ্যপ্রযুক্তির দিকে প্রবল আগ্রহ আমার। আগে সায়েন্স নিয়ে পড়লেও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অন্তর্গত শিক্ষা ও গবেষণা বিষয়ে পড়াশোনা করছি। কিন্তু আমার আশা, বাংলাদেশের শিক্ষা খাতকে কীভাবে আইটি সেক্টরের সাথে সমন্বয় করে আরও উন্নিত করা যায় সেই বিষয়ে কাজ করব। শিক্ষা বিষয়ক বিভিন্ন অ্যাপস, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন উন্নতমানের ও শিক্ষা সংশ্লিষ্ট সফটওয়্যার আরও বেশি দরকারি। তাছাড়া, উন্নত দেশগুলো যেভাবে আইটি সেক্টরের সাথে সমন্বয় রেখে শিক্ষার দিক দিয়ে এগিয়ে গেছে আমাদের দেশেও সেই পদ্ধতি কাজে লাগাতে হবে। আমি চাই, ভবিষ্যতে আইটির উপরে কোনো কোর্স করে এই বিষয়েই নিয়োজিত থাকব।
০০০০
আইনজ্ঞ হতে চাই
মাঈনুল ইসলাম
বিএম কলেজ, বরিশাল
রহস্য ও আইন বিষয় দুটি ছোটবেলা থেকেইে আমাকে বেশ টানে। তাছাড়া, চ্যালেঞ্জিং পেশার প্রতি সবসময়ই আমার আগ্রহ। আমার বিশ্বাস, আইন পেশা একটি চ্যালেঞ্জিং পেশা। এখানে একদিকে যেমন রহস্য রয়েছে, অন্যদিকে আইনের মারপ্যাঁচও ওতপ্রোতভাবে জড়িত। অনেকে আইন পেশাটাকে ভিন্ন চোখে দেখলেও আমার কাছে মনে হয়, যেকোনো পেশায় থেকেই ভালোর চর্চা করা যায়। মানবাধিকার ও মানুষকে নিয়ে কাজ করা যায়। আমিও চাই—আইনকে সাধারণ মানুষের জন্য ব্যবহার করতে। নিজেকে একজন আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করতে।
