ইবোলা ভাইরাসের সংক্রমণের বিস্তার নিয়ে গুরুতর অবহেলা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তারা জানান, পশ্চিম আফ্রিকায় এই মরণব্যাধি ভাইরাসের বিস্তার রোধে ব্যতিক্রমী পদক্ষেপ নিতে হবে। অন্যথায় তা সকলের জন্যই এক ভয়ানক বিষয় হিসাবে দাঁড়াবে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষে দেয়া বিবৃতিতে বলা হয়, এ রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৯ জন লোক মারা গেছে। আমাদের কোনক্রমেই এ বিষয়কে খাটো করে দেখার সুযোগ নেই। তাই পরিস্থিতির ভয়াবহতায় আমাদের অবশ্যই বাড়তি পদক্ষেপ নিতে হবে। সংস্থাটি জানায়, এটি এখন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। সিয়েরালিওন, লাইবেরিয়া ও গিনিতে ইতিমধ্যে এর ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়াতেও তা অধিকমাত্রায় ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সংস্থাটি জানায়, বিমানে ভ্রমণের মাধ্যমে এর বিস্তারের সম্ভাবনা কম। কেননা এটা কোন বায়ুবাহিত রোগ নয়। সংস্থাটি জানায়, এ ব্যাপারে তারা আন্তর্জাতিক সমপ্রদায়ের দ্রুত পদক্ষেপ কামনা করছেন।
