গেল সপ্তায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সর্বোচ্চ লেনদেন হয়েছে বিদ্যুত্ ও জ্বালানি খাতকে কেন্দ্র করে। ডিএসই’র মোট লেনদেনের ১৮ শতাংশই হয়েছে এই খাতে। প্রতিদিন গড়ে ১২৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহের তুলনায় ৩৪ শতাংশ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, সমপ্রতি জ্বালানি খাতে নতুন কোম্পানি তালিকা-ভুক্ত হয়েছে। এছাড়া এ খাতের বেশিরভাগ কোম্পানি সর্বশেষ প্রান্তিকে ভালো মুনাফা করেছে। ফলে বিনিয়োগকারীদের ঝোঁক বেড়েছে জ্বালানি খাতে।
ডিএসই’র মোট লেনদেনের ১৭ শতাংশ হয়েছে ওষুধ ও রসায়ন খাত ঘিরে। প্রতিদিন গড়ে ১১২ কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেন বেড়েছে ৩০ শতাংশ। আর লেনদেন বৃদ্ধির দিক থেকে এগিয়ে মিউচ্যুয়াল ফান্ড খাত। এই খাতের লেনদেন বেড়েছে ১৪৫ শতাংশ। প্রতিদিন গড়ে ১৭ কোটি টাকা লেনদেন হয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে।
এদিকে গত সপ্তায় ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানিগুলো। সপ্তাহজুড়ে এ খাতের ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এ খাতের পাঁচ কোম্পানি সাপ্তাহিক গেইনারের তালিকায় উঠে এসেছে। সাপ্তাহিক লুজারের তালিকায় এসেছে তালিকাভুক্ত ৭ মিউচ্যুয়াল ফান্ড। এগুলো হলো: আইসিবি পরিচালিত ৬টি মিউচ্যুয়াল ফান্ড এবং এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আইসিবির ৬ষ্ঠ মিউচ্যুয়াল ফান্ড ১৯ দশমিক ৩ শতাংশ দর কমে লুজারের শীর্ষে রয়েছে। লুজারের দ্বিতীয় স্থানে থাকা অষ্টম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে ১৮ দশমিক ২ শতাংশ। সেকেন্ড আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ১৭ দশমিক ৩ শতাংশ দর কমে লুজারের তৃতীয় স্থানে রয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার থেকে ডিএসইতে শুরু হবে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের (কেপিপিএল) শেয়ার লেনদেন। প্রতিষ্ঠানটি ১০ টাকা মূল্যে ৪ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহ করেছে।
