গহিরা বখতিয়ার সড়ক সংস্কারের আবেদন

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২০:৫১
বন্দরনগরী চট্টগ্রামের দক্ষিণে ১৫ কিলোমিটার দূরত্বে আনোয়ারস্থ ত্রিমুখি শংখ বঙ্গোপসাগর বেষ্টিত উপকূলীয় গহিরা-বারো আউলিয়া। ২০১০ সালে এটাকে ‘অর্থনৈতিক শিল্পাঞ্চল’ ঘোষণা করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, স্বাধীনতার ৪৪ বছর অতিক্রান্ত হতে চললেও এ পর্যন্ত কোস্ট গার্ডের মোড় থেকে দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে নজু মিয়ার খাল পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার গহিরা বখতিয়ার সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয়ে যাওয়ার পর নামেমাত্র মাটি ভরাটের কাজ করা হয়েছিল। এদিকে ৩ নম্বর রায়পুর ইউনিয়নের অলিগলি ও কাঁচা রাস্তা পাকা ও পিচ ঢালাই হয়েছে বটে, কিন্তু এই ৩ কিলোমিটার সড়ক সংস্কার না হওয়ার কারণ বোধগম্য নয়। যোগাযোগব্যবস্থার দৈন্যদশার কারণে বাসিন্দাদের দুর্ভোগ চরমে। পায়ে হেঁটে চলাও দুষ্কর এ সড়কে। উপকূলীয় গহিরা বারো আউলিয়ায় ঘোষিত অর্থনৈতিক শিল্পাঞ্চল বাস্তবায়নে কোস্ট গার্ডের মোড় থেকে নজুমিয়ার খাল পর্যন্ত বখতিয়ার সড়ক সংস্কার পূর্বক পিচ ঢালাইয়ের বিকল্প নেই। এ ব্যাপারে আশু উদ্যোগ নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। শাহনাজ আক্তার রুবি, গহিরা বারো আউলিয়া, আনোয়ারা, চট্টগ্রাম ৪৩৭৬