বরিশাল নগরীর সৌন্দর্য্য ও ঐতিহ্য রক্ষার দাবিতে গতকাল শনিবার বরিশাল প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) নারী কর্মীরা। আওয়ামী লীগের ইশিতা জাহান ও জাপার মোমেনা সিফা রুমকি বেসরকারি সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোর ব্যানারে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন। তারা নগরীর পুরনো ঐতিহ্যবাহী স্থাপনাসহ সৌন্দর্য্য মন্ডিত এলাকার পরিচ্ছন্নতা ধরে রাখার দাবি জানিয়ে বলেন, বর্তমান সিটি মেয়র আহসান হাবিব কামাল, কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে পুরো নগরী একটি ভাগাড়ে পরিণত হয়েছে। বিশেষ করে নগরীর গুরত্বপূর্ণ স্থান বিবির পুকুর পাড়, বটতলা, বগুড়া আলেকান্দা সড়ক, বটতলার ব্যাপ্টিস্ট মিশন রোড, নতুল্লাবাদ কেন্দি য় বাস টার্মিনাল, রুপাতলী, স্টেডিয়াম কলোনি ও চৌমাথাসহ নগরীর আরো বেশ কয়েকটি স্থানের ময়লা আবর্জনা দীর্ঘদিনেও পরিষ্কার করা হয়নি। দুর্গন্ধের কারণে এসব এলাকায় মানুষের চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
এ ব্যাপারে ঢাকায় অবস্থানরত সিটি মেয়র আহসান হাবিব কামাল জানান, সাংবাদিক সম্মেলনটি তার পরিষদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে করা হয়েছে। এসব অভিযোগ সত্য নয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ফেলোর ব্যানারে যারা সাংবাদিক সম্মেলন করেছেন তারা ১৪ দলের রাজনীতির সাথে যুক্ত।
