‘কেরি ও হিলারির ফোনে আড়ি পেতেছিল জার্মানি’

আপডেট : ১৬ আগস্ট ২০১৪, ২২:৫৭
কিছুদিন আগেও খবর বেরিয়েছিল জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ফোনে আড়ি পেতেছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসএ)। এবার জানা গেল জার্মানি গোয়েন্দা সংস্থাও বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ফোনে আড়ি পেতেছিল। জার্মানের জনপ্রিয় ম্যাগাজিন দের স্পিগেল’র এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে। জার্মানির বিদেশ বিষয়ক গোয়েন্দা সংস্থা (বিএনডি) গত বছর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির একটি ফোনালাপ এবং একই বছর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের সঙ্গে হিলারি ক্লিনটনের ফোনালাপে আড়ি পাতে বিএনডি। ম্যাগাজিনটি জানায়, বিএনডি’র তিনজন কর্মকর্তা কাজটি করেছিলেন। তবে সরাসরি নয়। ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছিল। অন্য একটি অভিযানে কাজ করতে গিয়ে কর্মকর্তারা এই কাজটি করে ফেলে। এছাড়া বিএনডি’র এক গোপন প্রতিবেদনে জানা যায়, ন্যাটো সদস্য তুরস্কের বিষয়ে গোয়েন্দাগিরি করেছিল বিএনডি। এ বিষয়ে বিএনডি এবং জার্মানিতে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সমপ্রতি দের স্পিগেল জানায়, গত বছর মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নিয়ে কেরির ফোনালাপে আড়ি পেতেছিল ইসরাইল।