আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শোকের মাস আগস্টে বিএনপিকে কোন ধরনের কর্মসূচি পালন করতে না দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আগস্ট মাস একদিকে জাতির জন্য শোকের মাস, অন্যদিকে বিএনপির জন্য চক্রান্তের মাস। এ মাসেই বিএনপি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করে। তাই আগস্ট মাসে বিএনপিকে কোন রাজনৈতিক কর্মসূচি করতে দেয়া উচিত নয়।
গতকাল শনিবার ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, আগস্ট মাসে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেন। পরে বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয়-প্রশ্রয়ও দেন। এছাড়া বিএনপি ১৭ আগস্ট সারাদেশে বোমা হামলা করেছে। ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে না পারেন সেজন্য বিএনপি-জামায়াত জোট ষড়যন্ত্র করছে। তাই মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
আলোচনা সভা শেষে মোহাম্মদ নাসিম প্রতিযোগী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার প্রদান করেন। সংগঠনের সভাপতি শিরিন আকতার মঞ্জুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
