পৃথক ঘটনায় নিহত ৬

আপডেট : ১৭ আগস্ট ২০১৪, ২১:১৩
সুনামগঞ্জে গাড়ি চাপায় শিশুসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সুনামগঞ্জে গাড়ি চাপায় শিশু নিহত সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাঁওয়ে গত শনিবার রাতে লেগুনার চাপায় শাহানারা (৭) নামে এক শিশু মারা গেছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি জানে আলম খান জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক। কমলনগরে তরুণীর লাশ উদ্ধার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ইমাম মার্কেট এলাকা থেকে গত শনিবার সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক তরুণীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কমলনগর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ময়না তদন্তের জন্য লাশ লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করা করেছে। বাঘায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রাজশাহীর বাঘা উপজেলার হরিণা এলাকার আব্দুল আলিমের আম বাগান থেকে গতকাল রবিবার সকালে হাত-পা ও মুখ বাঁধা অজ্ঞাত পরিচয় (৩২) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঘা থানার ওসি আমিনুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা মোটর সাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে। ভাঙ্গায় যুবকের লাশ উদ্ধার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ গ্রাম থেকে গতকাল রবিবার সকালে রিপন ফকির (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। থানার উপ-পরিদর্শক মুকুল জানান, প্রেমঘটিত ব্যাপারে রিপন বেশ কয়েকদিন যাবত্ হতাশায় ভুগছিল বলে তার পরিবারের সদস্যরা জানান। করিমগঞ্জে কলেজ ছাত্রের মৃত্যু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া গ্রামে গতকাল রবিবার নদীতে ডুবে শাহাদাত্ হোসেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। শাহাদাত্ হোসেন ঢাকার উত্তরা রাজউক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র এবং তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। শাহাদাত্ হোসেন ও তার সহপাঠী মোত্তাহিদ মিলে অপর সহপাঠী জিয়াউর রহমান ইমনের গ্রামের বাড়ি গুজাদিয়ায় বেড়াতে যায়। তিন বন্ধু নৌকায় ভ্রমণের জন্য চামটা বন্দরে যান। তিন বন্ধু গোসল করার জন্য বন্দর ঘাটে নেমে পানিতে ডুব দিলে শাহাদাত্ হোসেন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার লাশ ভেসে উঠে। গাংনীতে লাশ উদ্ধার মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের মাথাভাঙ্গা নদী থেকে শনিবার রাতে শামীম হোসেন (২৭) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি সে শ্রমিক হিসেবে কাজ করার জন্য ভারতে যায়। শুক্রবার দুপুরে কয়েকজনের সঙ্গে বাড়ি ফেরার সময় ভারতের শিকারপুর সীমান্তে বিএসএফ সদস্যরা ধাওয়া করে। তারা নদীতে ঝাঁপিয়ে পড়লে শামীম নিখোঁজ হয়। গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।