ঢাকা শহরে ২০টি হাসপাতালসহ অসংখ্য ক্লিনিক রয়েছে। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ ও পিজি হাসপাতালসহ কয়েকটি বেসরকারি হাসপাতাল ছাড়া অন্য কোনো হাসপাতালের নিজস্ব ধোলাইখানা নেই। যদিও ধোলাইখানা যে কোনো হাসপাতালের জন্য একটি জরুরি বিষয়। হাসপাতালের নিজস্ব স্টিম লন্ড্রির মাধ্যমেই হাসপাতালে ব্যবহূত কাপড়-চোপড়ের জীবাণু দূর করা হয় এবং তা অন্যত্র ছড়িয়ে যেতে পারে না। কিন্তু আশ্চর্য হলেও সত্য, দেশের অধিকাংশ হাসপাতালে এ ব্যবস্থা নেই। রোগ নিরাময়ের চেয়ে রোগ যাতে না হয় সেদিকে নজর রাখা আগে প্রয়োজন। বর্তমানে রোগীর কাপড় -চোপড় যেভাবে ধোলাই করা হচ্ছে তাতে রোগ ছড়িয়ে মারাত্মক অবস্থার সৃষ্টি করতে পারে। আমরা মনে করি, এ ব্যাপারে হাসপাতাল ও ক্লিনিক কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন এবং এ ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত ঠিকাদাররা যাতে নিয়ন্ত্রিতভাবে এসব ধোলাইয়ের কাজ করতে পারেন সেদিকে কর্তৃপক্ষকে নজর রাখতে হবে। বিষয়টি হালকাভাবে না দেখে গুরুত্বসহকারে বিবেচনা করলেই সবার মঙ্গল।
মাহবুব উদ্দিন চৌধুরী,
১৩১ পশ্চিম ধানমন্ডি, ঢাকা ১২০৯
