পঞ্চগড় জেলা সদরের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ কক্ষ বিশিষ্ট একটি ভবনের ৩টি কক্ষের দেয়াল ধসে পড়েছে পাশের পুকুরে। অন্য ভবনে পরীক্ষা চলায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। গত শনিবার বিকালে এ ঘটনা ঘটে। স্কুল কর্তৃপক্ষ বলেছে, ভবনের পাশের একটি ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাট না করায় এই দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, এই ভবনে শিশুদের পরীক্ষা নিলে হতাহতের ঘটনা ঘটত। বর্তমানে ভবনের অন্য কক্ষগুলোতেও ফাটল ধরায় প্রতিষ্ঠানটি রয়েছে ঝুঁকির মধ্যে। দ্রুত ভবনটি সরিয়ে নেয়া না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে বর্তমানে শিক্ষার্থীদের পরীক্ষা চলায় ওই ভবনটির প্রয়োজন আসছে না। পরীক্ষা শেষে আগামী ২৩ আগস্ট থেকে ক্লাস শুরু হবে। ভবন ধসের কারণে দুটি শ্রেণির প্রায় ১শ’ ২০ জন শিক্ষার্থীকে খোলা আকাশের নিচে পাঠদান করতে হবে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক নূর আজম জানান, সরকারি ছুটি থাকায় বিষয়টি মৌখিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি দ্রুত ধসে পড়া ভবনটি সরিয়ে নিয়ে নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
