গত কয়েক দিনের ধারাবাহিকতায় গতকাল সোমবারও বড় মূলধনী কোম্পানিগুলো ঘিরে লেনদেন হয়েছে পুঁজিবাজারে। লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম, জিপি, এপোলো ইস্পাত, এমজেএল বিডি এবং বেক্সিমকো। দাম বাড়ার ক্ষেত্রে বেশি অবদান রেখেছে সিমেন্ট খাত। এ খাতের কোম্পানিগুলোর দাম বেড়েছে প্রায় ৬ শতাংশ। এর মধ্যে লাফার্জ সুরমা সিমেন্টের দাম বেড়েছে প্রায় সাড়ে ৯ শতাংশ। এছাড়া রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী বস্ত্র খাতে পোশাক রফতানি ভালো হওয়ায় এ খাতেও কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে শীর্ষে ছিল বস্ত্র খাত। এ কোম্পানিতে লেনদেন হয়েছে ৯৩ কোটি টাকা। যা বাজারের মোট লেনদেনের ১৫ ভাগেরও বেশি। এছাড়া ইঞ্জিনিয়ারিং, জ্বালানি ও ওষুধ খাতে লেনদেন হয়েছে ৬০ কোটি টাকার উপরে।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১ পয়েন্ট কমে ৪ হাজার ৫৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১৫ কোটি ২১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ১০ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৯৯টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১০৭টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ১৪ হাজার ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫৪ কোটি ৬৪ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৬৭টির কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ারের।
