চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) চেয়ারম্যান আব্দুল মজিদ বলেছেন, স্বল্পমূলধনী কোম্পানিগুলোর জন্য পৃথক বাজার তৈরি করা হবে। এ বাজার থেকে মূলধন বৃদ্ধি করে পুঁজিবাজারের মূল বাজারে যাবে কোম্পানিগুলো। এতে পুঁজিবাজারের গভীরতা বৃদ্ধি পাবে। গতকাল সোমবার সিএসইর ঢাকা অফিসে এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসইর পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন, নাছির উদ্দিন চৌধুরী, মমতাজ উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন।
সাংবাদিক সম্মেলনে ড. আব্দুল মজিদ আরো বলেন, বাংলাদেশ ব্যাংকের একক গ্রাহক ঋণসীমা কমিয়ে আনার নির্দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে বিনিয়োগ কমিয়ে এনেছে। বাংকের মোট মূলধনের ২৫ শতাংশ শেয়ারবাজারে বিনিয়োগের বাধ্যবাধকতা আরোপের ক্ষেত্রে কেন্দ ীয় ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেনি। এসব বিষয় পুঁজিবাজারে প্রভাব ফেলে।
তিনি আরো বলেন, পুঁজিবাজারকে উন্নত করার জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে কয়েকটি প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির জন্য বেশি করে সচেতনাতামূলক কর্মশালা, ওভার দ্যা কাউন্টার বা ওটিসি মার্কেটের আধুনিকায়ন করা ও স্বল্প মূলধনী বাজার চালু করা। এদিকে বাজারের গভীরতা বাড়ানোর জন্য ডেরিভেটিভস ও ক্লিয়ারিং কর্পোরেশন গঠনের জন্য সিএসই কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
