মোটর রিকশা ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:১৬
পল্লবী ১১ নম্বর সেকশন বটতলা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্কর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে ইজিবাইক চলাচল করতো। মাত্র ছয় টাকা ভাড়ায় মহল্লা থেকে প্রধান সড়কে যাওয়া যেতো। এই সার্ভিস চালুর ফলে খুবই সুবিধা হয়েছিল। কিন্তু মিরপুরে হঠাত্ মোটর সংযোজিত যান্ত্রিক রিকশা ও ইজি বাইক চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে তীব্র রিকশা সংকট দেখা দিয়েছে। ইজিবাইক মহল্লার মধ্যে চলাচল করতো—এগুলো কখনো প্রধান সড়কে যেতো না। ইজিবাইক বিদ্যুতে চলে। ফলে এটা পরিবেশবান্ধব। এটা শব্দদূষণ করে না। বায়ূদূষণও করে না। তাছাড়া ইজিবাইকের ব্যাটারি রাতের বেলায় অফ পিক আওয়ারে রিচার্জ করা হয়। এতে বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়। সবদিক দিয়ে ইতিবাচক এরকম একটি বাহনকে কেন রাস্তায় চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না, তা বোধগম্য নয়। এ অবস্থায় যাতায়াতের দুর্ভোগ ঘোচাতে মোটর রিকশা এবং ইজিবাইকের চলাচলের ওপর আরোপিত অযৌক্তিক নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. আলী হায়দার, ১১ সি, অ্যাভিনিউ ৫/৩/এ, পল্লবী, ঢাকা