আজহারের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু মানবতাবিরোধী অপরাধ মামলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৩৯
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজহারের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম। প্রথমদিনের মতো যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ মুক্তিযুদ্ধকালে আজহারের অবস্থান ও পরিচিতি তুলে ধরেছে। রাষ্ট্রপক্ষ জানায়, মুক্তিযুদ্ধকালে রংপুরে জামায়াতের ছাত্র সংগঠন ছাত্র সংঘের সভাপতি ছিলেন এটিএম আজহার। তিনি একাত্তরে রংপুর জেলায় আল বদর প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এ অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ডকুমেন্ট জমা দিয়েছে বলে জানানো হয়। মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট সাক্ষ্য দিয়েছে ১৯জন সাক্ষী। অপরদিকে আসামিপক্ষে সাক্ষ্য দিয়েছেন মাত্র একজন। আজহারের বিরুদ্ধে গত বছরের ১২ নভেম্বর ৬টি অভিযোগের ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে সংঘটিত ৯ ধরনের মানবতাবিরোধী অপরাধে ৬টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে সুপিরিয়র রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়) রয়েছে। অন্যদিকে, একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আটকের পরে জামিনে থাকা সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২ এ আসামি পক্ষে আইনজীবী এএসএম শাহজাহান যুক্তিতর্ক পেশ করেন। আসামিপক্ষ এ পর্যন্ত ১৫টি অভিযোগের বিষয়ে তাদের যুক্তিতর্ক পেশ করেছে।