সৈয়দপুরে প্রসার লাভ করছে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

আপডেট : ১৮ আগস্ট ২০১৪, ২১:৫৩
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায় ব্যাপকহারে কম্পিউটার শিক্ষার প্রসার ঘটেছে। শহরের সৈয়দপুর প্লাজা, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শেরেবাংলা সড়ক, তুলশিরাম সড়ক, উপজেলা এলাকাসহ পাড়া-মহল্লাগুলো ও ইউনিয়নের হাটবাজারগুলোতে কম্পিউটার শিক্ষার্থীর জন্য ব্যাপকহারে কোচিং সেন্টার চালানো হচ্ছে। এসব কোচিং সেন্টারে এলাকার উঠতি বয়সের তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষজন আধুনিক প্রযুক্তি কম্পিউটারের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ লাভের জন্য ভর্তি হয়ে কম্পিউটার প্রযুক্তির জ্ঞান আহরণ করছে। এমন দৃশ্য দেখা গেছে শহরের নতুন বাবুপাড়া, পুরাতন বাবুপাড়া, মিস্ত্রিপাড়া, সাহেবপাড়া, কাজীরহাটসহ ৫টি ইউনিয়নের ছোট-খাটো হাটবাজারগুলোতেও। এসব কোচিং সেন্টারে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা বাস্তব লব্ধ প্রশিক্ষণ লাভ করার পাশাপাশি একটি কম্পিউটার সেটআপ দেয়া থেকে টাইপিং, ফটোশপের কাজ, গ্রাফিক্স ও ডিজাইনের কাজ সুনিপুণভাবে শিখছে। সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাওয়াদুল হক সরকারে সাথে কথা হলে জানান, সৈয়দপুরের শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সী পুরুষ-মহিলারা যেভাবে কম্পিউটার প্রশিক্ষণ লাভ করছে তাতে করে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ব্যর্থ হবে না বলে আমি বিশ্বাস করি।